বিশ্বকাপ থেকে বিদায়ের পর ক্ষমা চেয়ে যা বললেন ভিনিসিয়ুস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ১৫:৩০ | আপডেট: ১১ জুলাই ২০২৬ | ১৫:৩৭
চোটে জর্জরিত ব্রাজিলের আক্রমণভাগের মূল ভরসা ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। সেই গুরুদায়িত্ব বেশ ভালোই সামলেছেন। ৫ ম্যাচে করেছেন ৪টি গোল ও ১টি অ্যাসিস্ট। তবুও বিশ্বকাপে টিকে থাকতে পারেনি তার দল। শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে থেকে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দলের এমন হতাশাজনক বিদায়ে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।
গত ৫ জুলাই নিউইয়র্কে আর্লিং হালান্ডের জোড়া গোলে নরওয়ের ভিপক্ষে ২-১ গোলে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় ব্রাজিল। ফলে হেক্সা বা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো সেলেসাওদের।
এদিকে ৩৬ বছর পর শেষ ষোলো থেকে বিদায় মেনে নিতে পারেননি ব্রাজিলের কোনো ভক্ত-সমর্থক। তাদের সেই কষ্ট ভিনিসিয়ুসকেও ছুঁয়ে গেছে। নরওয়ের বিপক্ষে পরাজয়ের চার দিন পর নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে সমর্থকদের কাছে ক্ষমার আর্তি জানান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
আবেগঘন ওই পোস্টে ভিনিসিয়ুস লিখেছেন, ‘প্রায় চার বছর পর আবারও বিশ্বকাপের হতাশার পর কী লিখব, তা আবারও ভাবছি। সবাইকে আমাকে সমর্থন করতে ও আমাদের স্বপ্নকে আগলে রাখতে দেখেছি। তাই এখন চুপ করে থাকাটা অন্যায় হবে। তবে পুরো বিষয়টি ভেবে দেখার জন্য আমার কয়েকটা দিন দরকার ছিল।’
সমর্থকদের উদ্দেশে ভিনিসিয়ুস আরও লিখেন, ‘জাতীয় দলের জার্সি পরা আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়। আর বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে যাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। আমি জানি আমি কতটা প্রস্তুতি নিয়েছিলাম, কতটা মনোযোগী ছিলাম এবং আপনাদের ও আমার পরিবারের জন্য বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। আমি অনেক বেশি হতাশ। আরও অনেক দূর যাওয়ার মতো শক্তিশালী দল আমাদের ছিল, কিন্তু আমরা পারিনি। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি।’
একইসঙ্গে সমর্থকদের নতুন স্বপ্নে বুক বাঁধার আহ্বান জানিয়ে রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকা লিখেন, ‘আবারও দলকে বিশ্বসেরা বানানোর জন্য আমি লড়াই করে যাব।’
ব্রাজিলের হয়ে এটা ছিল ভিনিসিয়ুসের দ্বিতীয় বিশ্বকাপ। বিশ্বকাপে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে তার ঝুলিতে রয়েছে ৫টি গোল ও ৩টি অ্যাসিস্ট। এর মধ্যে এবারের বিশ্বকাপেই গোল করেছেন ৪টি।