ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

আর্জেন্টিনার বিপক্ষে সমতা ফিরিয়ে ১০ জনের দলে সুইজারল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সমতা ফিরিয়ে ১০ জনের দলে সুইজারল্যান্ড
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ০৮:৩৬ | আপডেট: ১২ জুলাই ২০২৬ | ০৮:৪৩

জমে উঠেছে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের লড়াই। প্রথমার্ধে পিছিয়ে পড়া সুইজারল্যান্ড দ্বিতীয়ার্ধে এসে খোলস ছেড়ে বেরিয়ে একের পর এক আক্রমণ শানায়। যার ফলশ্রুতিতে ম্যাচের ৬৭ মিনিটে ড্যান এনদোয়ের গোলে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে সুইসরা।

বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে ওঠে মুরাত ইয়াকিনের দল। ম্যাচের ৫০ মিনিটে দারুণ একটি সুযোগ তৈরি করলেও গোলবঞ্চিত হয় তারা। ৬৫ মিনিটে বাঁ দিক থেকে আসা আরেকটি বিপজ্জনক ক্রস থেকে এনদোয়ের হেড দুর্দান্তভাবে সেভ করে আর্জেন্টিনার লিড ধরে রাখেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

ক্রমাগত আক্রমণ করতে থাকা সুইসরা অবশেষে সফল হয় ৬৭ মিনিটে। মাঝমাঠ থেকে বল পায়ে গোছানো আক্রমণে আর্জেন্টিনার রক্ষণভাগ ভেঙে বক্সে ঢুকে পড়েন এনদোয়ে। এমি মার্তিনেজকে পরাস্ত করে বল জালে জড়িয়ে উল্লাসে মেতে ওঠে পুরো সুইজারল্যান্ড শিবির।

এদিকে সমতায় ফেরার পর সুইজারল্যান্ড এখন ১০ জনের দল। ৭২ মিনিটে ডাইভ দিয়ে দ্বিতীয় হলুদ কার্ডের পর লাল কার্ড দেখলেন ব্রিল এমবোলো। তাকে ফাউলের অভিযোগে লিয়ান্দ্রো পারেদেসকে দেখানো হলুদ কার্ডটি বাতিল হয়ে গেল।

এর আগে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের ১০ মিনিটে আলেক্সিস ম্যাক আলিস্টারের করা গোলে লিড পায় আর্জেন্টিনা।

ম্যাচের দশম মিনিটে অধিনায়ক লিওনেল মেসির কর্নার কিক থেকে প্রতিপক্ষের ডি-বক্সে চমৎকার হেড করেন ম্যাক আলিস্টার। সুইস গোলরক্ষক গ্রেগর কোবেলকে পরাস্ত করে বল জালে জড়ালে প্রথমার্ধেই লিড নেয় আলবিসেলেস্তেরা।

শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়লেও ম্যাচ থেকে ছিটকে যায়নি সুইজারল্যান্ড। গোল খাওয়ার ধাক্কা সামলে নিয়ে প্রথমার্ধের বাকি সময়ে লিওনেল স্কালোনির শিষ্যদের সাথে সমানতালে লড়াই করেছে মুরাত ইয়াকিনের দল। বেশ কয়েকবার আর্জেন্টিনার রক্ষণভাগ ভেঙে গোল করার মতো বিপজ্জনক পরিস্থিতিও তৈরি করেছিল সুইসরা। তবে ফিনিশিংয়ের অভাবে জালের ঠিকানা খুঁজে পায়নি ইউরোপের দলটি।

আরও পড়ুন

×