ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

উরুগুয়ের অন্তর্বর্তীকালীন কোচ ডিয়েগো ফোরলান

উরুগুয়ের অন্তর্বর্তীকালীন কোচ ডিয়েগো ফোরলান
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১২:০১

উরুগুয়ে জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দেশটির কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ফোরলান। উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের (এইউএফ) সভাপতি ইগনাসিও আলোনসো এ তথ্য নিশ্চিত করেছেন।

ইগনাসিও আলোনসো বলেন, ‘ফোরলান জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে ২০২৭ সালের মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।’

এর আগে চলতি বিশ্বকাপে উরুগুয়ের হতাশাজনক পারফরম্যান্সের পর উরুগুয়ের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান মার্সেলো বিয়েলসা। তার জায়গায় প্রাথমিকভাবে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন ফোরলান।

তবে মার্চের পর ফোরলান স্থায়ীভাবে দায়িত্বে থাকবেন, নাকি নতুন কোচ নিয়োগ দেওয়া হবে—সেই সিদ্ধান্ত এখনও হয়নি। চলতি বছরের শেষের দিকে এইউএফের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এজন্য এখনই দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনায় যেতে চায় না দেশটির ফুটবল ফেডারেশন।

এইউএফ সভাপতি ইগনাসিও আলোনসো বলেন, ‘নির্বাহী কমিটি ডিয়েগোকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্প নিয়ে আমরা ২০২২ সালেও তার সঙ্গে আলোচনা করেছিলাম। এখন তিনি দায়িত্ব নিতে খুবই উৎসাহী।’

এর আগেও ফোরলানের কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ২০২০ সালে তিনি উরুগুয়ের শীর্ষ ক্লাব পেনারোলের হয়ে ১১ ম্যাচ এবং ২০২১ সালে দেশটির দ্বিতীয় বিভাগের দল আতেনাস দে সান কার্লোসের হয়ে ১২টি ম্যাচে কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

৪৭ বছর বয়সী ফোরলান উরুগুয়ের ফুটবল ইতিহাসের কিংবদন্তি খেলোয়াড়। ২০১০ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি গোল্ডেন বল জিতেছিলেন। এছাড়া জাতীয় দলের হয়ে কোপা আমেরিকার শিরোপাও জিতেছেন এই সাবেক ফরোয়ার্ড।

ক্লাব ফুটবলেও ফোরলানের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে জিতেছেন ইউরোপা লিগের শিরোপা। এখন জাতীয় দলের ডাগআউটে দাঁড়িয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই কিংবদন্তি ফুটবলার।

আরও পড়ুন

×