ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবে কেপ ভার্দে তারকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১২:৪৭
চলতি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আসা কেপ ভার্দের অ্যাটাকিং মিডফিল্ডার জোবানে ক্যাব্রালকে দলে ভিড়িয়েছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব গ্রেমিয়ো। ২৮ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে দেড় বছরের চুক্তি করেছে ব্রাজিলিয়ান ক্লাবটি।
রোববার ক্রুজেইরোর বিপক্ষে প্রীতি ম্যাচে জয়ের পর ক্যাব্রালকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেন গ্রেমিয়োর প্রধান কোচ লুইস কাস্ত্রো।
ক্যাব্রালকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কোচ লুইস কাস্ত্রো বলেন, ‘সে বিশ্বকাপের মতো মঞ্চে নিজের সামর্থ্য ও যোগ্যতার প্রমাণ দিয়েছে। সে একই সাথে বাঁ প্রান্তে এবং মাঝমাঠে খেলতে পারদর্শী। আমাদের দলের খেলোয়াড়রা এই মৌসুমের লক্ষ্য অর্জনে দারুণ প্রতিশ্রুতিবদ্ধ। আমার বিশ্বাস, সে খুব দ্রুতই দলের সঙ্গে মানিয়ে নিতে পারবে।’
পর্তুগিজ ক্লাব এস্ট্রেলা আমাদোরার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর জুলাইয়ে ফ্রি এজেন্ট হন ক্যাব্রাল। এরপরই তাকে দলে ভেড়ায় গ্রেমিয়ো।
এবারের বিশ্বকাপে কেপ ভার্দের হয়ে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের শুরুর একাদশে খেলেছেন ক্যাব্রাল। এর মধ্যে একটিতে স্পেনের বিপক্ষে ড্র করে কেপ ভার্দে। অন্যটি নকআউটে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে।
ক্লাব ক্যারিয়ারেও ইউরোপের বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে ২৮ বছর বয়সী এই মিডফিল্ডারের। পর্তুগালের স্পোর্টিং সিপির হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন কেপ ভার্দের এই তারকা। এরপর ইতালির সিরি ‘আ’-তে লাজিও ও সালের্নিতানার জার্সি গায়ে খেলেন তিনি। এছাড়া গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের হয়েও মাঠে নেমেছেন এই মিডফিল্ডার।
আগামী মঙ্গলবার পোর্তো আলেগ্রেতে পৌঁছানোর কথা রয়েছে ক্যাব্রালের। বিশ্বকাপে আলো ছড়ানোর পর ব্রাজিলিয়ান লিগে তিনি গ্রেমিয়োর জার্সিতে নিজেকে কতটা মেলে ধরতে পারেন, সেটাই এখন দেখার অপেক্ষা।