ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

স্পেনই এগিয়ে

স্পেনই এগিয়ে
×

সাবিনা খাতুন

সাবিনা খাতুন

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ০৯:৪৭

বিশ্বকাপের আসল উত্তাপটা শুরু হতে যাচ্ছে সেমিফাইনাল থেকেই। ৪৮ দল থেকে টিকে আছে চারটি। আমার কাছে মনে হয়েছে, সেরা চার দলই উত্তর আমেরিকার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। সেমিফাইনাল ম্যাচ একপ্রকার ফাইনালই বটে। ফাইনালের থেকে বরং সেমিফাইনালে চাপটা বেশি থাকে। ফ্রান্স এবং স্পেনের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় ম্যাচ হতে যাচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে, ফ্রান্সের চেয়ে স্পেন এগিয়ে থাকবে। যদিও ফ্রান্সের ফরোয়ার্ড লাইন অনেক শক্তিশালী। তারপরেও একটি দল হিসেবে যদি শেষ ম্যাচগুলো দেখেন তাহলে দেখবেন স্পেন খুবই ডিসিপ্লিন এবং অর্গানাইজড। ম্যাচটি ফিফটি-ফিফটি হলেও আমার কাছে ফেভারিট হচ্ছে স্পেনই।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা টিমওয়াইজ অনেক ডিসিপ্লিন এবং অর্গানাইজড। তাদের ফুটবলাররদের মধ্যে ডেডিকেশন আছে। আপনি দেখেন মিসরের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা কিন্তু হারের পথেই ছিল। ৭০ মিনিট পর তারা গোল করে ম্যাচে ফিরে আসে। ব্যাপারটা ছিল দারুণ। সেই দিক থেকে স্পেনও কিন্তু একই স্টাইলে ফুটবল খেলে। এই বিশ্বকাপে স্পেন মাত্র এক গোল হজম করেছে। তাদের ডিফেন্স লাইনও অনেক শক্তিশালী। আর দলটার ফুটবলারদের মধ্যে বোঝাপড়াটা দারুণ। দলের প্রতি একটা বিশ্বাস আছে সবার। স্পেন ইতোমধ্যে তা প্রমাণও করেছে। স্পেন দলটি পুরো ব্যালান্সড। অন্যদিকে ফ্রান্সও কিন্তু কম নয়। বলতে পারেন এই বিশ্বকাপের সবচেয়ে ভয়ংকর আক্রমণ কিন্তু ফ্রান্সের। তাই আমার কাছে মনে হচ্ছে লড়াইটি ফ্রান্সের আক্রমণ আর স্পেনের রক্ষণের মধ্যে হবে।

দু’দলের লড়াইয়ের মধ্যেও ভেতরগত একটা লড়াই হবে বলে মনে হচ্ছে। সেটি ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে স্পেনের লামিনে ইয়ামালের মধ্যে। এবারের বিশ্বকাপে ইয়ামাল মাত্র এক গোল করেছেন। এমবাপ্পে করেছেন আট গোল। এই দিকটা যদি দেখা হয় আমার কাছে মনে হয় ইয়ামালের চেয়ে এমবাপ্পেই এগিয়ে থাকবে। এমবাপ্পের বিশ্বকাপ খেলার অতীত অভিজ্ঞতা আছে। ২০১৮ বিশ্বকাপে সেরা তরুণ ফুটবলার হয়েছিলেন তিনি। ২০২২ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে একাই আধিপত্য বিস্তার করেছিলেন এমবাপ্পে। তাঁকে নিয়ে যদি স্পেন আলাদাভাবে কোনো পরিকল্পনা না করে, তাহলে এই জায়গা থেকে আবার ধরা খেলেও খেতে পারে স্পেন। ফ্রান্সের শুধু এমবাপ্পেই নয়, উসমান দেম্বেলে, অলিসের মতো ভালো মানের ফুটবলার আছেন। হাই প্রেসিংয়ের ক্ষেত্রে দেম্বেলে তো অন্যতম সেরা একজন ফুটবলার। প্রতিপক্ষের ডিফেন্সের জন্য তাঁর হাই প্রেসিংটা খুবই ভয়ংকর।

মিডফিল্ডের বিবেচনা করতে গেলে আমার কাছে মনে হচ্ছে স্পেন শক্তিশালী। তাদের অর্গানাইজড এবং শক্তিশালী মনে হয়েছে। মধ্যমাঠে ফ্রান্সও কিন্তু ভালো। তাদের বেশ কয়েকজন ফুটবলার আছেন যারা খেলাটিকে নিয়ন্ত্রণ করতে পারেন। তবে সেমিফাইনাল মেন্টাল গেম, সেখানে যেকোনো কিছুই ঘটতে পারে। আর ফ্রান্স-স্পেন ম্যাচকে বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ হিসেবে মনে করছে সবাই। খুবই চমৎকার লড়াই হবে।

সাবিনা খাতুন, ফুটবলার, জাতীয় নারী দল

আরও পড়ুন

×