ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

তীব্র অর্থসংকটে রোনালদোর ক্লাব, আটকে গেছে বেতন

তীব্র অর্থসংকটে রোনালদোর ক্লাব, আটকে গেছে বেতন
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১৭:৫৯ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ | ১৮:০৩

মাঠে ও মাঠের বাইরে সময়টা মোটেও ভালো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালোর। এবারের বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। টুর্নামেন্ট থেকে বিদায়ের পরপরই রোনালদো জানিয়ে দিয়েছেন, এটাই ছিল তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। এবার জানা গেল, অস্থিরতা চলছে রোনালদোর ক্লাবেও।

ক্লাব ফুটবলে সৌদি আরবের অন্যতম শীর্ষ ক্লাব আল নাসরের হয়ে খেলেন পর্তুগিজ তারকা। সম্পতি তীব্র আর্থিক সংকটের মধ্যে পড়েছে ক্লাবটি। এমনকি তারল্য সংকটের কারণে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাবটি প্রথম সারির খেলোয়াড়দের জুন মাসের পুরো বেতন পর্যন্ত দিতে পারেনি। এ ছাড়া নতুন মৌসুমের আগে দলে খেলোয়াড় ভেড়ানোর কার্যক্রমও আপাতত স্থগিত রাখা হয়েছে। সবমিলিয়ে সৌদি চ্যাম্পিয়নদের নতুন মৌসুমের প্রস্তুতিতে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সৌদি সংবাদমাধ্যম আল-রিয়াদিয়াহ জানিয়েছে, ক্লাবের দৈনন্দিন কার্যক্রমেও নগদ অর্থের সংকটের প্রভাব পড়েছে। মূল দলের বেশ কয়েকজন খেলোয়াড় তাদের জুন মাসের বেতনের একটি আংশিক অর্থ হাতে পেয়েছেন। বাকি বকেয়া পরিশোধের জন্য ক্লাব কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেওয়া ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমানে পেশাদার ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, বছরে তার পারিশ্রমিক ২১ কোটি ডলারের বেশি। রোনালদোকে দলে ভেড়ানোর পর থেকে আল নাসর খেলোয়াড় ক্রয় ও অবকাঠামো উন্নয়নে বড় অঙ্কের বিনিয়োগও করেছিল। এর মধ্যেই হঠাৎ করে কেন এই তারল্যসংকট তৈরি হয়েছে, তা এখনও জানা যায়নি।

আর্থিক সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়েছে ক্লাবের দলবদল কার্যক্রমে। নতুন খেলোয়াড় দলে নেওয়ার সব ধরনের কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। এরই মধ্যে ক্লাব ছেড়েছেন ক্রোয়েশিয়ার অভিজ্ঞ মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচ। কিন্তু অর্থাভাবের কারণে মাঝমাঠের শূন্যতা পূরণে বিকল্প খেলোয়াড়ের সঙ্গে আলোচনা কিংবা চুক্তির প্রক্রিয়া এগোচ্ছে না।

সবমিলিয়ে চলতি মৌসুমে আল নসরের দায়িত্ব নেওয়া কোচ আগনে পোস্কেকোগলু শুরুতেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন। আগামী মৌসুমে সৌদি প্রো লিগ, কিংস কাপ, সৌদি সুপার কাপ ও এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটসহ মোট চারটি প্রতিযোগিতায় অংশ নেবে আল নাসর। কিন্তু আর্থিক স্থিতিশীলতা অর্জন ও নতুন খেলোয়াড় ভেড়াতে না পারলে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় ঘাটতি রেখেই দল নিয়ে মাঠে নামতে হবে তাকে।

আরও পড়ুন

×