ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

বিশ্বকাপ ২০২৬

লাল কার্ডে ট্রাম্পের হস্তক্ষেপের কারণেই হেরেছে যুক্তরাষ্ট্র!

লাল কার্ডে ট্রাম্পের হস্তক্ষেপের কারণেই হেরেছে যুক্তরাষ্ট্র!
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১৫:২৯ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ | ১৫:৪২

বিশ্বকাপে লাল কার্ড দেখার পরেও যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে জল কম ঘোলা করেননি ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে ৪-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় যুক্তরাষ্ট্র। এবার জানা গেল, বালোগানের লাল কার্ড স্থগিত হওয়া নিয়ে বিতর্ক দলের অন্যদের ওপর নেতিবচাক প্রভাব ফেলেছিল।

শেষ বত্রিশের ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখা বালোগান নিজেই এ তথ্য জানিয়েছেন।

বালোগান বলেন, ‘প্রথম প্রতিক্রিয়ায় আমি অবশ্যই খুশি ছিলাম যে, আবারও দলে ফিরতে পারছি। কিন্তু পরে বিষয়টি নিয়ে ভাবতে গেলে বুঝতে পারি, এটি অনেক বিতর্কের জন্ম দেবে।’

বিশ্বকাপের শেষ বত্রিশে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে যুক্তরাষ্ট্রের জয়ের ম্যাচে লাল কার্ড দেখেছিলেন বালোগান। ফুটবলের প্রচলিত নিয়ম অনুযায়ী, লাল কার্ড দেখায় তার জন্য এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা প্রযোজ্য হওয়ার কথা ছিল। এ কারণে শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে বালোগানের খেলার কথা ছিল না।

কিন্তু ট্রাম্পের হস্তক্ষেপে বদলে যায় নিয়ম। বালোগানের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করে ফিফা। এরপর তাকে নিয়েই বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামে যুক্তরাষ্ট্র। কিন্তু মাঠের লড়াইয়ে বেলজিয়ামের কাছে কোনো পাত্তাই পায়নি বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশটি। এত বিতর্ক সঙ্গী করে বালোগানকে দলে নিয়েও রেড ডেভিলসদের বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হয় তারা।

এ নিয়ে সম্প্রতি সিবিএস মর্নিংস-এ উপস্থিত হয়ে বালোগান বলেন, ‘আমি আমার সতীর্থদের মধ্যেও কিছুটা স্নায়ুচাপ দেখতে পাচ্ছিলাম। কারণ এমন ঘটনা খুবই ব্যতিক্রমী। ম্যাচ যত এগিয়ে আসছিল, আমি যতটা সম্ভব খেলায় মনোযোগ দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু বাইরের এত আলোচনা ও চাপ এড়িয়ে চলা কঠিন ছিল।’

তিনি আরও বলেন, ‘পুরো বিষয়টি বিভ্রান্তিকর ছিল। কারণ দল আমাকে ছাড়াই অনুশীলন করছিল। আর আমি প্রায় শুধু দলের মনোবল ধরে রাখার ভূমিকায় ছিলাম।’

প্রসঙ্গত, বসনিয়ার বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচের দ্বিতীয়ার্ধে বসনিয়ান ডিফেন্ডার তারিক মুহারেমোভিচকে বাজে ট্যাকলের কারণে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল বালোগানকে। এরপর ট্রাম্পের হস্তক্ষেপে ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বালোগানের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করে ফিফা।

আরও পড়ুন

×