স্পেনের কৌশলের কাছে ফ্রান্সের হার
জামাল ভূঁইয়া
জামাল ভূঁইয়া
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ১০:১৮
স্পেন-ফ্রান্স লড়াইকে সবাই বিশ্বকাপের অঘোষিত ‘ফাইনাল’ হিসেবে নিয়েছিল। ইউরোপিয়ান দুই হেভিওয়েটের লড়াইটা হাড্ডাহাড্ডি হবে বলে ধরে নিয়েছিল সবাই। বাস্তবে আমরা দেখলাম স্পেনের সঙ্গে কোনোমতেই কুলিয়ে উঠতে পারেনি ফ্রান্স। বিশেষ করে ট্যাকটিসেই স্পেনের চেয়ে অনেক পিছিয়ে ছিল ফরাসিরা। স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তের ট্যাকটিসের কোনো উত্তর দিতে পারেনি ফ্রান্স।
স্প্যানিশ কোচের গেম প্ল্যানিংটা অসাধারণ ছিল। যে কারণে ফ্রান্স খুব বেশি সুযোগ সৃষ্টি করতে পারেনি। যখন তারা পাস রিসিভ করছে, দেখা গেল তাদের মধ্যে তাড়াহুড়া ছিল। বিপরীতে স্পেন খেলছে ঠান্ডা মাথার ফুটবল। কোনো তাড়াহুড়া ছিল না, আস্তে আস্তে খেলছে। আর স্পেনের অর্গানাইজেশন খুবই শক্তিশালী ছিল। তাদের মধ্যে বোঝাপড়াটা ছিল দারুণ। বিশেষ করে মিডফিল্ডে রদ্রি, ফ্যাবিয়ান লুইজ তারা টোটালি ডমিনেট করেছে। পুরো ম্যাচে টেকনিক্যালি ফ্রান্স কোনো উত্তর দিতে পারেনি। এই জন্য আমার কাছে মনে হচ্ছে ফরাসি কোচ দিদিয়ের দেশমের কিছু ভুল ছিল। যখন দেখছিলেন, দলে কোনো খেলার উন্নতি হচ্ছে না, তখন একাদশে পরিবর্তন করার দরকার ছিল। তিনি না করাতে ভুগতে হয়েছে ফ্রান্সকে।
এই বিশ্বকাপে সবচেয়ে ভয়ংকর আক্রমণভাগ ধরা হয়েছে ফ্রান্সকে। অবশ্য তারা মাঠেও প্রমাণ করেছে। কিন্তু স্পেন তাদের এই বিভাগটা নিয়ে যথেষ্ট কাজ করেছে। কিলিয়ান এমবাপ্পে কিন্তু পোস্টে একটি শটও নিতে পারেনি। স্পেনের খেলোয়াড়রা এমবাপ্পের লাইন বন্ধ করে দিয়েছে। যে কারণে এমবাপ্পে খুব বেশি বল পায়নি। স্পেন টেকনিক্যালি চিন্তা করছে তারা যদি ওই লাইন বন্ধ করতে পারে, তাহলে ফ্রান্স অত বিপজ্জনক হয়ে অ্যাটাকিং করতে পারবে না। শুধু এমবাপ্পেরই নয়, ওলিসেরও খেলার লাইন বন্ধ করে দিয়েছে। আর উসমান দেম্বেলে তো ম্যাচের বাইরে ছিল।
এবার স্পেন যেভাবে খেলছে, তাতে ফিরে আসছে ১৬ বছর আগের স্মৃতি। ২০১০ সালে তারা চ্যাম্পিয়ন হয়েছে। তিকিতাকার ছন্দে যেভাবে ফুটবল খেলেছিল, এবার ঠিক একই রকম স্টাইলে খেলছে। বল পজিশন ধরে রেখে, আচমকা আক্রমণে যাওয়ার কৌশল অবলম্বন করছে। স্পেনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে টিম হিসেবে তারা বেশ অর্গানাইজড। তাদের বিপক্ষে অন্য দলের পক্ষে সুযোগ করাটা খুবই টাফ। স্পেন প্রতিপক্ষকে খুব বেশি সুযোগ সৃষ্টি করতে দেয় না। এই বিশ্বকাপে স্পেন শুধু একটি গোল রিসিভ করেছে। তাদের রক্ষণভাগ অনেক শক্তিশালী। তাদের গোলরক্ষকও ভালো। সবচেয়ে বড় বিষয় স্পেনের কোচ ফুয়েন্তে ফ্রান্সকে নিয়ে ভালো করে পড়েছেন। ফ্রান্সকে কীভাবে হারাতে হবে, তাদের শক্তির জায়গাগুলো চিহ্নিত করে কাজ করেছেন স্পেন কোচ। বিপরীতে ফ্রান্স কোচ দেশমের অনেক ভুল ছিল।
২০২২ বিশ্বকাপের ফাইনালে ৭২ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা ম্যাচে দাপট দেখিয়েছিল ফ্রান্সের সঙ্গে। একই চিত্র গত রাতে (মঙ্গলবার) দেখা গেছে। এবার স্পেন পুরো ৯০ মিনিট আধিপত্য দেখিয়েছে। আমার মনে হয় বিশ্বকাপের ফাইনালে এখন স্পেনই ফেভারিট। কারণ তারা এই বিশ্বকাপে সবচেয়ে হাই র্যাঙ্কিং দলের সঙ্গে খেলেছে।
জামাল ভূঁইয়া, অধিনায়ক, জাতীয় ফুটবল দল