ফাইনালে উঠে বিস্মিত পোরো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ১২:২৮
বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে দুর্দান্ত জয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। মঙ্গলবার রাতে ডালাস স্টেডিয়ামে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে ২-০ গোলে হারায় লা রোজারা। দলের এমন সাফল্যে বিস্মিত স্পেন ডিফেন্ডার পেদ্রো পোরো। এক গোল করে দলের জয়ে অবদান রাখা এই টটেনহ্যাম হটস্পার তারকার কাছে বিশ্বকাপের ফাইনালে ওঠার বিষয়টি স্বপ্নের মতোই মনে হচ্ছে। সেমিফাইনালে এমবাপ্পে, দেম্বেলে, ওলিসেদের নিয়ে গড়া ফ্রান্সকে হারানোর বিষয়টি যেন বিশ্বাসই হচ্ছে না ম্যাচসেরা হওয়া ২৬ বছরের এই ফুটবলারের।
ম্যাচ শেষ পোরো বলেন, ‘আমরা জানতাম, ফ্রান্স খুবই শক্তিশালী ও দুর্দান্ত একটি টিম। যারা টুর্নামেন্টজুড়েই অসাধারণ খেলেছে। সত্যি বলতে, ফ্রান্সের বিপক্ষে এ জয় দলের সম্মিলিত পারফরম্যান্সের ফসল। এটি আমার একার নৈপুণ্যে হয়নি। দলের সবাইকেই অভিনন্দন জানাতে চাই। কারণ, তারা একটি দুর্দান্ত ম্যাচ উপহার দিয়েছে।’
ফাইনালে ওঠার লড়াইয়ে ২২ মিনিটে লামিনে ইয়ামালকে ফাউল করলে পেনাল্টি পায় স্পেন। পেনাল্টি কিকে গোল করে স্পেনকে ১-০তে এগিয়ে দেন মাইকেল ওয়াইরসাবাল। ৫৮ মিনিটে সতীর্থ মিডফিল্ডার দানি ওলমোর সঙ্গে বল আদান-প্রদান করতে করতে ফরাসি গোলরক্ষক মাইক মেইগন্যানকে বোকা বানিয়ে ব্যবধান ২-০তে উন্নীত করেন পোরো।
ম্যাচে সমতায় ফিরতে আপ্রাণ চেষ্টা করেও পারেননি কোচ দিদিয়ের দেশমের শিষ্যরা। শেষদিকে আক্রমণভাগের শক্তি বাড়াতে দিজায়ার দুয়ে ও রায়ান চেরকিকে মাঠে নামলেও ফরাসিদের আক্রমণভাগকে পুরোপুরি অকার্যকর করে রাখে পোরো, কুকুরেয়া ও কুবারসিদের নিয়ে গড়া স্পেনের রক্ষণভাগ। বিশ্বের সবচেয়ে শক্তিশালী আক্রমণভাগের সামনে দাঁড়িয়েও ভড়কে যায়নি ২০২৪-এর ইউরো চ্যাম্পিয়ন লা রোজারা।
স্পেনের এই রক্ষণভাগ তারকা বলেন, ‘আমাদের দল ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে খেলেছে, তাতে আমি খুবই খুশি। আমরা অসাধারণ ম্যাচ খেলেছি। ফাইনালে পৌঁছাতে আমাদের যা যা করতে হতো, সবটাই ঠিকঠাকভাবে আমরা করতে পেরেছি। এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো বিষয়। যা ঘটেছে, সেটি আমি কখনও ভাবতেও পারিনি।’
স্পেন বিশ্বকাপে তাদের একমাত্র শিরোপাটি জিতেছে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ আসরে। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠা লা রোজারা শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার টুর্নামেন্টের অপর সেমিফাইনালে বিজয়ী দলের সঙ্গে। রোববার রাতে নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে।
- বিষয় :
- স্পেন
- ফ্রান্স
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
- সেমিফাইনাল