‘সব পরিশ্রম সার্থক হয়েছে’—বিশ্বকাপ জয়ের পর দে লা ফুয়েন্তে
ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ০৪:৫৬ | আপডেট: ২০ জুলাই ২০২৬ | ০৫:১৪
দীর্ঘ পথচলার পর শেষ পর্যন্ত বিশ্বকাপও জিতেছে স্পেন। শিরোপা জয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি দলটির কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি বলেন, এই মুহূর্তের জন্য করা সব পরিশ্রমই সার্থক হয়েছে।
ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পর দে লা ফুয়েন্তে বলেন, ‘আমি ভীষণ গর্বিত। এই প্রজন্মের ফুটবলাররা একটি আদর্শ তৈরি করেছে। তারা নিজেদের বিশ্বাসে অটল থেকেছে এবং সর্বোচ্চটা দিয়েছে। তারা শুধু একটি দল নয়, একটি পরিবার।’
স্পেনের কোচ বলেন, ‘আমি এখন কী অনুভব করছি, তা ভাষায় প্রকাশ করা কঠিন। শুধু বলতে পারি, সব পরিশ্রম সার্থক হয়েছে। আমি খুবই আবেগাপ্লুত। এই যাত্রায় তাদের পাশে থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’
খেলোয়াড়দের প্রশংসা করে দে লা ফুয়েন্তে বলেন, ‘খেলা শেষে তারা আমাকে বলেছে, কোচ, আমরা সব জিতে ফেলেছি। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। এই প্রজন্ম স্প্যানিশ ক্রীড়াঙ্গন ও তরুণদের জন্য অনুকরণীয় উদাহরণ। আমরা একসঙ্গে থাকলে আরও শক্তিশালী হই।’
ফাইনালের লড়াই নিয়ে স্পেনের কোচ বলেন, ম্যাচটি আরও আগেই নিজেদের করে নিতে চেয়েছিলেন তারা। তবে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস কয়েকটি দুর্দান্ত সেভ করে তা হতে দেননি।
‘আমরা বারবার গোলের চেষ্টা করেছি, কিন্তু সফল হইনি। বিশ্বকাপের ফাইনালে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতেই হয়। প্রতিপক্ষ ১০ জনে নেমেও আমাদের কঠিন পরীক্ষা নিয়েছে। তবে আমরা সেই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত ছিলাম,’ বলেন দে লা ফুয়েন্তে।
সূত্র: বিবিসি
- বিষয় :
- স্পেন
- ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬