মাত্র ৫৪ বার বল স্পর্শ, প্রতিপক্ষের বক্সে একবারও ঢুকতে পারেননি মেসি
ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ০৫:২৯
বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসিকে যতটা সম্ভব বল থেকে দূরে রাখার পরিকল্পনাই যেন করেছিল স্পেন। সেটি বাস্তবায়নেও সফল হয়েছে ইউরোপের দলটি। আর্জেন্টিনার অধিনায়ক পুরো ম্যাচে মাত্র ৫৪ বার বল স্পর্শ করেছেন। সবচেয়ে বিস্ময়কর তথ্য, ৯০ মিনিটে একবারও স্পেনের পেনাল্টি বক্সে বল নিয়ে ঢুকতে পারেননি তিনি।
স্পেনের বল দখলে রাখার কৌশলই মেসিকে নিষ্প্রভ করে দিয়েছে বলে মনে করছেন সাবেক ইংল্যান্ড ডিফেন্ডার মাইকা রিচার্ডস। বিবিসিকে তিনি বলেন, ‘সবাই জানতে চাইছিল, মেসিকে কীভাবে থামানো যায়। এর উত্তর হলো, বল নিজেদের দখলে রাখতে হবে এবং তাকে উল্টো দিকে দৌড়াতে বাধ্য করতে হবে। স্পেন আজ ঠিক সেটাই করেছে।’

ফাইনালে মেসিকে বারবার মাঝমাঠে নেমে এসে বল সংগ্রহ করতে দেখা গেছে। আক্রমণভাগে তার স্বাভাবিক প্রভাব দেখা যায়নি। স্পেনের নিয়ন্ত্রিত ফুটবলের কারণে আর্জেন্টিনাও খুব বেশি সময় বলের দখল রাখতে পারেনি।
তবে একটি ম্যাচের পরিসংখ্যান দিয়ে মেসির পুরো টুর্নামেন্টের পারফরম্যান্স বিচার করতে রাজি নন রিচার্ডস। তার মতে, বিশ্বকাপজুড়ে আর্জেন্টাইন অধিনায়ক ছিলেন অন্যতম সেরা ফুটবলার।
রিচার্ডস বলেন, ‘সে এই টুর্নামেন্টে এসেছে এবং সেরাদের একজন ছিল, যদি সবচেয়ে সেরা না-ও হয়। বল ছাড়া তার সীমাবদ্ধতা আমরা জানি। কিন্তু মানুষকে যেভাবে অনুপ্রাণিত করতে পারে, তা অবিশ্বাস্য। আমরা একজন অসাধারণ ফুটবলারের মহত্ত্বের সাক্ষী হচ্ছি।’
নিউইয়র্কে অনুষ্ঠিত ফাইনালে স্পেন ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে। ম্যাচজুড়ে মেসিকে কার্যকরভাবে আটকে রাখাই স্পেনের জয়ের অন্যতম বড় ভিত্তি হয়ে ওঠে।
সূত্র: বিবিসি
- বিষয় :
- ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬
- মেসি
- আর্জেন্টিনা
- স্পেন