ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সব ছাপিয়ে নান্দনিক ফুটবলের জয়

সব ছাপিয়ে নান্দনিক ফুটবলের জয়
×

সেকান্দার আলী

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১৫:০৯ | আপডেট: ২০ জুলাই ২০২৬ | ১৫:১০

বিশ্বকে এক সুতায় বেঁধেছিল বিশ্বকাপ। ঘুচে গিয়েছিল রাত আর দিনের পার্থক্য। মেরু থেকে মরু মেতেছিল ফুটবল উৎসবে। হাসি-কান্নায় চোখের পলকে কেটে গেল ৪০টি দিন। মেক্সিকো সিটি স্টেডিয়ামে ১১ জুন পর্দা ওঠে উত্তর আমেরিকা বিশ্বকাপের স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে চ্যাম্পিয়নদের বরণ করে নেওয়ার মধ্য দিয়ে শেষ হয় ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’খ্যাত ফুটবল বিশ্বকাপ।

আলোচিত, সমালোচিত, উন্মাদনা– সব দিক থেকেই বর্ণাঢ্য এবারের বিশ্বকাপ। তিন দেশ স্বাগতিক হয় প্রথমবারের মতো। ৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনও প্রথমবারের মতো। নির্বিঘ্নে টুর্নামেন্ট শেষ করতে পারা সাংগঠনিকভাবে সাফল্যের চূড়ান্ত বহিঃপ্রকাশ ফিফার। তবে খেলাকেন্দ্রিক কিছু সিদ্ধান্ত বিতর্কিত করেছে টুর্নামেন্টকে। রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অনুরোধে দেশটির তারকা ফুটবলার ফোলারিন বালোগানের লাল কার্ডের শাস্তি এক বছর স্থগিত করা, ফিফার নিয়ম ভেঙে মাঠে বিতর্কিত ব্যানার প্রদর্শন করেও আর্জেন্টিনার শাস্তি না পাওয়া ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বিশ্বকাপ ফুটবলের। তবে খেলার মানের দিক থেকে দারুণ একটি বিশ্বকাপ উপভোগ করেছেন ফুটবলপ্রেমীরা।  

এবারের বিশ্বকাপে মাঠের খেলায় চমক ছিল প্রথম থেকে। কেপ ভার্দের খেলা চোখে লেগে থাকার মতো ছিল। নবাগত দলটির নকআউটে উঠে আসা ছিল চমক। গোলরক্ষক ভোজিনহা হৃদয় জেতে নিয়েছেন কোটি কোটি ফুটবলভক্তের। বিশ্বকাপে নিজেদের অভিষেকে বাজিমাত করে স্পেনকে গোলশূন্য রুখে দিয়ে। ভোজিনহা প্রতিরোধের দেয়াল তুলে দিয়েছিলেন ইউরো চ্যাম্পিয়নদের সামনে। কেপ ভার্দে গ্রুপ পর্বের তিনটি ম্যাচই ড্র করে। প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়ন উরুগুয়েকে ২-২ গোলে ড্র করে রুখে দেয় তারা। সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য রাখে ম্যাচ। ৩ পয়েন্ট নিয়ে এইচ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নেয় তারা। সেরা ষোলোয় ওঠার ম্যাচে আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেয়। বিশ্বচ্যাম্পিয়নদের ১২০ মিনিট খেলতে বাধ্য করে। আর্জেন্টিনার বিপক্ষে প্রথম খেলতে নেমেছিল তারা। প্রথম দেখাতেই ভয় ধরিয়ে দেয় লিওনেল মেসিদের। আর্জেন্টিনা ৩-২ গোলে ম্যাচ জিতলেও হৃদয় জিতে নেয় কেপ ভার্দে। বিশ্বকাপ শেষ করে দেশে ফিরে বীরের সম্মান পান ভোজিনহারা।

আরেক নবাগত কুরাসাও বিশ্বকাপের অভিষেক করে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে। তবে দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরকে গোলশূন্যভাবে রুখে দেয়। কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রুম সেদিন জাদুর গ্লাভস পরে গোলপোস্টে দাঁড়িয়েছিলেন। হাজার চেষ্টা করেও কুরাসাওয়ের জালে বল জড়াতে পারেনি ইকুয়েডর। প্রথম বিশ্বকাপ খেলতে নেমে পয়েন্ট পাওয়া এক দারুণ সাফল্য তাদের। এশিয়া মহাদেশ থেকে প্রতিযোগিতা করে বিশ্বকাপ খেলা কাতার টুর্নামেন্টের শুরুটা ভালো করেছিল। কোয়ার্টার ফাইনাল খেলা সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে নাটকীয়ভাবে। ২০২২ সালে স্বাগতিক হিসেবে খেলা কাতারের দ্বিতীয় বিশ্বকাপ এটি।

এই বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়ে খেলতে নেমেছিল লাতিন দেশ আর্জেন্টিনা, ব্রাজিল, ইউরোপের ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, নেদারল্যান্ডস ও জার্মানি। আর্লিং হালান্ডের নরওয়ে প্রত্যাশার চেয়েও ভালো খেলেছে। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়ে দেশটি। শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ওঠে শেষ আটে। ব্রাজিলকে হারানো হালান্ডের কাছে ছিল স্বপ্নের মতো ছিল। জোড়া গোল করে ম্যাচ জয়ের এ নায়ক খেলা শেষে অনেকটা সময় ঘোরের মধ্যে ছিলেন। তবে কোয়ার্টার ফাইনালে মহাদেশীয় প্রতিপক্ষ ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট শেষ করে নরওয়ে। এই সাফল্যে দেশে বীরের সম্মান পেয়েছেন হালান্ডরা।

এবারের বিশ্বকাপের বড় দুটি অঘটন হলো শেষ ৩২ থেকে জার্মানি ও নেদারল্যান্ডসের বিদায় নেওয়া। টাইব্রেকার ভাগ্যের কাছে হেরেছে তারা। রেফারির ভুল সিদ্ধান্তের শিকার হয়েছে জার্মানি। ম্যাচের অতিরিক্ত সময় হেডে গোল করেছিল দেশটি। ভিএআর পরীক্ষা করে গোলরক্ষককে ফাউল দেখিয়ে গোলটি বাতিল করেন রেফারি। এই বিতর্কিত সিদ্ধান্তের কারণে ১২০ মিনিটের খেলা শেষে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় চারবারের চ্যাম্পিয়নরা। নেদারল্যান্ডস-মরক্কো ম্যাচটি ১-১-এ সমতা ছিল ১২০ মিনিট। টাইব্রেকারে ৩-২ গোলে জিতে নেয় মরক্কো। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনাল খেলা মরক্কো উত্তর আমেরিকার বিশ্বকাপ থেকে বিদায় নেয় কোয়ার্টার ফাইনালে। শেষ চারে উন্নীত হওয়ার ম্যাচে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরেছে তারা। আফ্রিকার মুখ হয়ে ওঠা মরক্কোর বিদায়টা ছিল কষ্টের। ওই ম্যাচজয়ী ফ্রান্সকে মনে করা হচ্ছিল অপ্রতিরোধ্য। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত অপরাজিত থাকা ফ্রান্স সেমিফাইনালে স্পেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। গতকাল রোববার ভোরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৬-৪ গোলে হেরে চতুর্থ হয় দিদিয়ের দেশমের দল। শেষ দুই ম্যাচে ফ্রান্সের পারফরম্যান্স অবাক করেছে বিশ্বকাপের সাবেক ফুটবলারদের।

এই বিশ্বকাপে আর্জেন্টিনা-মিসর ম্যাচটি ছিল সবচেয়ে আলোচিত। শেষ ষোলোর ম্যাচে মিসর ২-০ গোলে এগিয়ে ছিল ৭৮ মিনিট পর্যন্ত। শেষের ১৫ মিনিটে আর্জেন্টিনা তিন গোল করে কোয়ার্টার ফাইনালে ওঠে। রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ভরপুর ছিল ম্যাচটি। মিসরের গোল বাতিল করা, সামান্য ফাউলে মিসরের খেলোয়াড়দের কার্ড দেওয়া, আর্জেন্টিনার বক্সে মিসর অধিনায়ক মোহামেদ সালাহকে ফাউল করলেও ভিএআর দেখার দাবি আমলে না নেওয়া বিতর্কিত করেছে ফিফাকে। এ নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা হলে রেফারিকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ফিফা। ম্যাচটি চলাকালে মিসরের কোচের সঙ্গে লিওনেল মেসির বর্ণবাদী আচরণের অভিযোগ ওঠে। অথচ রেফারি উল্টো কার্ড দেন মিসরের কোচকে। এই বিশ্বকাপে কাকতালীয় একটি ঘটনা ঘটেছে– র‍্যাঙ্কিংয়ের সেরা দলগুলো খেলেছে সেমিফাইনালে। ফাইনাল খেলেছে দুই মহাদেশের বর্তমান দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন। ২০২৪ সালে আর্জেন্টিনা কোপা আমেরিকা আর স্পেন ইউরো চ্যাম্পিয়ন হয়।

২০২৬ বিশ্বকাপকে বলা হচ্ছে গোলকিপারদের বিশ্বকাপ। বেশির ভাগ দলের গোলরক্ষকরা খেলেছেন দারুণ। কেপ ভার্দের ভোজিনহা, স্পেনের উনাই সিমন, মরক্কোর ইয়াসিন বুনোরা সেরা। ভিন্ন ভিন্ন ম্যাচে ভালো করেছেন অনেকে। গোলরক্ষকদের বিশ্বকাপে স্ট্রাইকারের উত্থান ঘটেনি। নরওয়ের আর্লিং হালান্ড প্রথম বিশ্বকাপ খেলতে নেমে নজর কেড়েছেন। স্পেনের ওয়াইরসাবাল ও ফ্রান্সের উসমান দেম্বেলের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।

বিশ্বকাপে রেফারিংয়ের মান নিয়ে সমালোচনা ছিল প্রথম থেকেই। আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্দিকে পেছন থেকে বুটের আঘাতে ফাউল করেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। এ ধরনের ফাউলে লাল কার্ড দেওয়ার নিয়ম ফিফার। অথচ কার্ড দেওয়া দূরের কথা, ফাউলও দেননি রেফারি। এই সিদ্ধান্ত নিয়ে হইচই পড়ে গিয়েছিল বিশ্বজুড়ে। একই রকম ফাউল করায় যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার বালোগানকে লাল কার্ড দেখান রেফারি। এক নিয়মে এক বিশ্বকাপ হলেও মাঠের খেলায় ব্যক্তিবিশেষে সেটি পাল্টে গেছে। তবে সব ছাপিয়ে সুন্দর ফুটবলের জয় হয়েছে। লাতিন আর ইউরোপের পাসিং ফুটবল দেখে আনন্দ পেয়েছেন সমর্থকরা।

আরও পড়ুন

×