ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মারামারি কাণ্ডে নতুন মোড়, রদ্রি-মলিনায় সূত্রপাত

মারামারি কাণ্ডে নতুন মোড়, রদ্রি-মলিনায় সূত্রপাত
×

স্পেনের ‍ফুটবলারকে ধাক্ক দিয়ে ফেলে দেন পারেদেস। ছবি: মার্কা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ২১:০৬

বিশ্বকাপের ফাইনালের শেষ বাঁশি বাজতেই চ্যাম্পিয়ন হওয়ার উদযাপনে মাতে স্পেন। কিন্তু মুহূর্তে উদযাপনের মাঝে মারামারিতে লিপ্ত হয় দুই দলের ফুটবলার। আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারদেস, নাহুয়েল মলিনাদের কাছে মার খেয়েছেন স্পেনের রদ্রি, গাভি, গার্সিয়ারা। ওই ঘটনায় তদন্তে নামছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। 

ভক্তদের প্রত্যাশা মতো আনন্দ দিতে পারেনি স্পেন ও আর্জেন্টিনার বিশ্বকাপের ফাইনাল। একচ্ছত্র আধিপত্য করেছে লা রোজারা। আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে বলার মতো কোন আক্রমণই তুলতে পারেনি। স্পেনকে রুখতে স্কালোনির দল ফাউল-ট্যাকলের পথ বেছে নেয়। 

যেটাও কাজে লাগেনি। বরং লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ। তবে ম্যাচের ঘটনা সীমার মধ্যে থাকলেও ম্যাচ শেষ হতেই আর্জেন্টাইন ফুটবলারদের আচরণ যেন সীমা ছাড়ায়। 

শেষ বাঁশি বাজতেই স্প্যানিশরা মাঠে ছোটাছুটি করে উদযাপন করতে থাকেন। মাঠ ছাড়তে থাকা মলিনা তখন স্লেজিং করে কিছু একটা বলতেই প্রতিবাদ করতে এগিয়ে আসেন স্পেনের অধিনায়ক রদ্রি। সেখানেই রদ্রিকে ধাক্কা মারেন মলিনা। মাথায় ঠুল দেন, এমনকি চড়ও মারেন। 

বিষয়টি সামাল দিতে এগিয়ে আসেন স্পেনের গাভি, গার্সিয়ারা। তখন পুরোপুরি মেজাজ হারান আর্জেন্টিনার মিডফিল্ডার পারেদেস। তিনি এরিক গার্সিয়াকে জোরে ধাক্কা দেন। সেখানে প্রতিবাদ জানাতে আসা গাভির গলা চেপে মাটিতে ফেলে দেন  পারদেস। তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন, এমনকি জার্সি টান দিয়ে পর্যন্ত ছিড়ে দেন। এ ঘটনায় তাকে লাল কার্ড দেখান রেফারি।

এছাড়া স্পেনের মিডফিল্ডার দানি অলমোর মুখে চড় দেন আর্জেন্টিনার সহকারী কোচ আয়ালা। সংবাদ মাধ্যম স্কাই স্পোর্টস নিউজ জানিয়েছে, ফিফার গর্ভনিং বডি রেফারির দেওয়া রিপোর্ট ও ভিডিও ফুটেজ খতিয়ে দেখবে। এছাড়া ফিফার কাছে আরও একটি অভিযোগ জমা পড়েছে। স্পেনের হাতে শিরোপা তুলে দেওয়ার সময়, আর্জেন্টাইনরা পেছন ঘুরে দাঁড়িয়ে ছিলেন। যা ক্রীড়াসুলভ আচরণের পরিপন্থী হিসেবে বিবেচিত। ফিফা এই অভিযোগের বিরুদ্ধেও তদন্ত করবে। তবে সত্যতার প্রেক্ষিতে কী ধরনের রায় দেওয়া হবে, সে সম্পর্কে ধারণা পাওয়া যায়নি। 

আরও পড়ুন

×