ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

যে কারণে ইতালির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন গার্দিওলা

যে কারণে ইতালির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন গার্দিওলা
×

পেপ গার্দিওলা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ | ১৭:৫৫

ইতালির জাতীয় দলের দায়িত্বে পেপ গার্দিওলাকে দেখতে চেয়েছিল ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারানো গৌরব ফিরিয়ে আনতে স্প্যানিশ এই কোচকে নিয়োগ দেওয়ার জন্য বিশেষ উদ্যোগও নিয়েছিল তারা। তবে সব আলোচনা শেষে ইতালির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন গার্দিওলা।

ম্যানচেস্টার সিটিতে টানা এক দশক দায়িত্ব পালনের পর সম্প্রতি ক্লাবটি ছাড়েন গার্দিওলা। এরপরই তাকে জাতীয় দলের দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেয় ইতালি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এফআইজিসি তাকে বড় অঙ্কের বেতনের পাশাপাশি জাতীয় দলের দীর্ঘমেয়াদি ফুটবল পরিকল্পনা বাস্তবায়নে পূর্ণ স্বাধীনতা দেওয়ার প্রস্তাবও দিয়েছিল।

তবে কিছুদিন সময় নিয়ে বিষয়টি বিবেচনা করার পর গার্দিওলা ফেডারেশনকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন। তার ভাষ্য, এই মুহূর্তে নতুন কোনো দলের দায়িত্ব নেওয়ার পরিকল্পনা নেই। দীর্ঘ কোচিং জীবনের ব্যস্ততার পর আপাতত পরিবারকে সময় দিতে, বিশ্রাম নিতে এবং কিছুদিন ফুটবল থেকে দূরে থাকতে চান তিনি।

ম্যানচেস্টার সিটি ছাড়ার সময়ও গার্দিওলা ইঙ্গিত দিয়েছিলেন, দায়িত্ব ছেড়েই নতুন কোনো ক্লাব বা জাতীয় দলে যোগ দেওয়ার ইচ্ছা তার নেই। ইতালির প্রস্তাব ফিরিয়ে দিয়ে সেই অবস্থানই আবারও স্পষ্ট করলেন তিনি।

গার্দিওলার না বলার পর ইতালির নতুন কোচ খোঁজার প্রক্রিয়া আবারও শুরু হয়েছে। এর আগে ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। তবে তিনি ব্রাজিলেই থাকার সিদ্ধান্ত নেন।

বর্তমানে ইতালির সম্ভাব্য কোচ হিসেবে আন্দ্রিয়া পিরলো ও ইউরো ২০২০ জেতানো সাবেক কোচ রবের্তো মানচিনির নাম আলোচনায় রয়েছে। এখন দেখার বিষয়, আজ্জুরিদের পুনর্গঠনের দায়িত্ব শেষ পর্যন্ত কার হাতে তুলে দেয় ইতালিয়ান ফুটবল ফেডারেশন।

আরও পড়ুন

×