ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

নতুন বিপদে এনজো ফার্নান্দেজ

নতুন বিপদে এনজো ফার্নান্দেজ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ | ১৮:২৬

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখে আর্জেন্টাইনদের কাছে ভিলেনে পরিণত হয়েছেন এনজো ফার্নান্দেজ। এই দুঃসময়ে নতুন এক বিপদ ডেকে এনেছেন তারকা এ মিডফিল্ডার। ইংলিশ ক্লাব চেলসিকে জানিয়ে দিয়েছেন যে তিনি আর সেখানে থাকবেন না। কিন্তু যাদের আশায় চেলসিকে না করেছেন, সেই রিয়াল মাদ্রিদ এখন বলছে, তারা এনজোকে নেবে না। তাই আগামী মৌসুমে তিনি কোন ক্লাবে খেলবেন, সেটা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিপদে পড়তে যাচ্ছে চেলসিও। 

বিশ্বকাপ শেষে এখন ছুটিতে আছেন এনজো ফার্নান্দেজ। ছুটি শেষে তিনি ক্লাবে যোগ দিতে গেলেই ঝামেলা সৃষ্টি হবে। আর্জেন্টাইন এ মিডফিল্ডারের এজেন্ট বিশ্বকাপের শুরুর দিকে বেশ চাঁছাছোলা ভাষায় জানিয়ে দেন যে স্টাম্পফোর্ড ব্রিজে এনজো থাকবেন না। আসন্ন গ্রীষ্মকালীন দলবদলে তিনি নতুন ঠিকানা খুঁজে নিতে চান। এনজোর এজেন্ট হ্যাভিয়ের পাস্তুরে ‘মার্কা’র সঙ্গে সাক্ষাৎকারে সম্ভাব্য গন্তব্য হিসেবে রিয়াল মাদ্রিদের নামও বলেছিলেন। 

গত মার্চে একটি ইউটিউব চ্যানেলে এনজো নিজেই বলেছিলেন যে তিনি রিয়াল মাদ্রিদে খেলতে চান। ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে চেলসির কোচের দায়িত্ব নেওয়া জাবি আলোনসো এ খবর শুনে বেশ হতাশ হয়েছিলেন। কারণ এনজোকে কেন্দ্র করেই চেলসির মাঝমাঠ পুনর্গঠনের পরিকল্পনা নিয়েছিলেন তিনি। ২৫ বছর বয়সী এ মিডফিল্ডারের সঙ্গে আলোচনারও ইঙ্গিত দিয়েছিলেন আলোনসো। তবে বিশ্বকাপের শেষ দিকে এসে ইংল্যান্ডের বিপক্ষে সেমিতে এনজোর কর্মকাণ্ডের পর চেলসি ম্যানেজমেন্টকে নতুন করে ভাবতে হচ্ছে। 

ইংল্যান্ডের বিপক্ষে সেমিতে দূরপাল্লার শটে সমতা ফেরানো এই তারকা মাঠে ভীষণ আগ্রাসী ছিলেন। ম্যাচের পর ‘ফকল্যান্ড আমাদের’ লেখা যে ব্যানার আর্জেন্টাইনরা মাঠে প্রদর্শন করেছিলেন, এর অগ্রভাগে ছিলেন এনজো। এ জন্য এনজোকে চেলসির সমর্থকরা আর ক্লাবে দেখতে চাইছেন না। তাই ছুটি কাটিয়ে আর্জেন্টাইন এ মিডফিল্ডার ফেরার পর ভালোই ঝামেলায় পড়তে পারে চেলসি ম্যানেজমেন্ট। শুধু তাই নয়, একটি সূত্রে জানা গেছে, ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন বা ‘দ্য এফএ’ ওই ব্যানার ধরা প্রিমিয়ার লিগ খেলা তিনজন আর্জেন্টাইন খেলোয়াড়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এফএ হয়তো শেষ পর্যন্ত শাস্তির পথে নাও যেতে পারে। কারণ কোনো কারণে আর্জেন্টাইনরা বেঁকে বসলে প্রিমিয়ার লিগের জনপ্রিয়তায় প্রভাব পড়তে পারে। তবে চেলসি সমর্থকরা ইতোমধ্যে দাবি তুলেছেন, যে খেলোয়াড় স্টাম্পফোর্ড ব্রিজে থাকতে চান না বলে প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন, তাঁকে যেন না রাখা হয়।

ছেলেবেলা থেকেই এনজো ফার্নান্দেজের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদ। সেই ক্লাবের আগ্রহের পরিপ্রেক্ষিতে চেলসিকে সাফ জানিয়ে দেন যে এখানে থাকবেন না। এ কথা শুনে হতাশ হলেও চেলসি কর্তৃপক্ষ ১২০ মিলিয়ন পাউন্ড (১৬০ মিলিয়ন ডলার) মূল্যও নির্ধারণ করে ফেলেছিল এনজোর। কিন্তু ফাইনালে এনজোর আক্রমণাত্মক আচরণে স্প্যানিশরাও নাখোশ। রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে, এনজোকে দলে টানার কোনো ইচ্ছা তাদের নেই। এরই মধ্যে রিয়ালের নতুন বস হোসে মরিনহো, মাঝমাঠে নতুন বিকল্প হিসেবে ফ্রি এজেন্ট হওয়া বার্নার্দো সিলভাকে দলে টেনে ফেলেছে। তাই ভালোই বিপদে পড়েছেন এনজো ফার্নান্দেজ।

আরও পড়ুন

×