বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবল, কোন লিগ কবে শুরু
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ১৩:৫৪ | আপডেট: ২৫ জুলাই ২০২৬ | ১৪:৩৪
পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা নেমেছে। রোমাঞ্চ, অঘটন ও নাটকীয়তায় ভরা আসরের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। তবে বিশ্বকাপের আবহ শেষ হতেই ফুটবলপ্রেমীদের নজর এবার ঘুরছে ক্লাব ফুটবলের দিকে। আগস্ট থেকেই শুরু হচ্ছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ২০২৬-২৭ মৌসুম। বিশ্বকাপের পর নিজ নিজ ক্লাবের জার্সিতে তারকাদের দেখতে মুখিয়ে আছেন সমর্থকেরা।
সবার আগে মাঠে গড়াবে স্প্যানিশ লা লিগা। আগামী ১৫ আগস্ট নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে আলাভেসের মুখোমুখি হবে গেতাফে। এর এক সপ্তাহ পর, ২২ আগস্ট, একদিনেই শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগ, ফরাসি লিগ ওয়ান ও ইতালিয়ান সিরি আ।
প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল নিজেদের মাঠে খেলবে কভেন্ট্রি সিটির বিপক্ষে। লিগ ওয়ানে অলিম্পিক মার্সেই স্বাগত জানাবে স্ত্রাসবুর্গকে। অন্যদিকে সিরি আতে উদিনেসে খেলবে কোমোর বিপক্ষে, আর বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান মুখোমুখি হবে মোঞ্জার।
সবশেষে ২৯ আগস্ট শুরু হবে জার্মান বুন্দেসলিগা। উদ্বোধনী ম্যাচে শিরোপাধারী বায়ার্ন মিউনিখ নিজেদের মাঠে স্টুটগার্টকে আতিথ্য দেবে।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের উদ্বোধনী ম্যাচ (বাংলাদেশ সময়)
লা লিগা
১৫ আগস্ট: আলাভেস বনাম গেতাফে, রাত ১১:৩০
ইংলিশ প্রিমিয়ার লিগ
২২ আগস্ট: আর্সেনাল বনাম কভেন্ট্রি সিটি, রাত ১:০০
ফরাসি লিগ ওয়ান
২২ আগস্ট: অলিম্পিক মার্সেই বনাম স্ত্রাসবুর্গ, রাত ১২:৪৫
ইতালিয়ান সিরি আ
২২ আগস্ট: উদিনেসে বনাম কোমো, রাত ১০:৩০
২২ আগস্ট: ইন্টার মিলান বনাম মোঞ্জা, রাত ১০:৩০
জার্মান বুন্দেসলিগা
২৯ আগস্ট: বায়ার্ন মিউনিখ বনাম স্টুটগার্ট, রাত ১২:৩০