গোল করে অভিনব উদ্যাপনে আলোচনায় নেইমার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬ | ১৫:৫০
ব্রাজিলিয়ান সিরি 'আ'তে শাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে সান্তোস। দলের দুটি গোলই এসেছে নেইমারের পা থেকে। ম্যাচের ৩৬ মিনিটে প্রথম গোল করে দর্শকদের দিকে তাকিয়ে তাস চাল দেওয়ার ভঙ্গিতে উদ্যাপন করেন তিনি। মুহূর্তেই সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
কোপা সুদামেরিকানার প্লে-অফে ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোস যখন ভেনেজুয়েলায় খেলছিল, তখন সাও পাওলোতে অনুষ্ঠিত বিএসওপি উইন্টার পোকার টুর্নামেন্টে অংশ নিতে দেখা যায় নেইমারকে। দল ম্যাচ খেললেও তিনি পোকার টেবিলে থাকায় সমর্থকদের একাংশের সমালোচনার মুখে পড়েন।
O primeiro dos dois gols de Neymar no empate do Santos com a Chapecoense.#futebol #santos #chapecoense #neymar #brasileirão #ge pic.twitter.com/7zPJ27vWS6
— ge (@geglobo) July 25, 2026
তবে পরে সান্তোস কোচ কুকা বিষয়টি ব্যাখ্যা করেন। তার ভাষ্য, ইনজুরি থেকে ফেরার পুনর্বাসন পরিকল্পনার অংশ হিসেবেই দীর্ঘ সফর থেকে নেইমারকে বিরতি দেওয়া হয়েছিল। ক্লাবে নির্ধারিত অনুশীলন শেষ করে ছুটির দিনেই তিনি পোকার টুর্নামেন্টে অংশ নেন।
সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থানও পরিষ্কার করেন নেইমার। তিনি লেখেন, ‘সকালে কাজ করেছি, ম্যাচে যাইনি, আবার অনুশীলনে ফিরেছি। সেদিন আমার ছুটির দিন ছিল।’ এরপর সমালোচকদের উদ্দেশে যোগ করেন, ‘নিজের কাজে নজর দিন।’
De pênalti, Neymar empatou para o Santos contra a Chapecoense aos 43 minutos do segundo tempo.#futebol #santos #chapecoense #neymar #brasileirão #ge pic.twitter.com/nDa2drD0Ag
— ge (@geglobo) July 25, 2026
শাপেকোয়েন্সের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে পরপর দুই গোল হজম করে পিছিয়ে পড়ে সান্তোস। ম্যাচের ৮৯ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-২ ব্যবধানের সমতা এনে দেন নেইমার।
তবে ম্যাচে একটি হলুদ কার্ডও দেখেছেন তিনি। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ধাক্কা দেওয়ার ঘটনায় সতর্কবার্তা পান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। চলতি মৌসুমে এটি তার তৃতীয় হলুদ কার্ড হওয়ায় সিরি 'আ'-তে সান্তোসের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।