৫ বছর পর সৌম্যকে টেস্টে নেওয়ার কারণ জানালেন বাশার
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ১৩:৪০
গুরুত্বপূর্ণ তিনজন ক্রিকেটার চোটে পড়ায় টেস্ট দলে একাধিক পরিবর্তন আনতে হতো নির্বাচক প্যানেলকে। সেই পরিবর্তন যে এমন চমকজাগানিয়া হতে পারে, তা কারও কল্পনাতেও আসেনি। মাহমুদুল হাসান জয় অফফর্মে থাকায় পাঁচ বছর পর টেস্ট দলে নেওয়া হলো সৌম্য সরকারকে। অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সি কন্ডিশন মাথায় রেখে বাঁহাতি এ ব্যাটারকে ১৫ জনের দলে নেওয়া। গতকাল রোববার ঘোষিত প্রথম টেস্টের দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী ও পেসার মুশফিক হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে ৩১ জুলাই দেশ ছাড়বেন নাজমুল হোসেন শান্তরা।
নাহিদ রানা ও শরিফুল ইসলামের চোটের কারণে পাঁচ সদস্যের পেস ইউনিটে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালিদ আহমেদ ও এবাদত হোসেনের সঙ্গে নেওয়া হয় মুশফিক হাসানকে। পুনর্বাসন শেষে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে দ্বিতীয় টেস্টের দলে যোগ দেবেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। ফিটনেস পরীক্ষায় সফল হলে লিটন কুমার দাসকেও নেওয়া হবে দ্বিতীয় টেস্টে। সেক্ষেত্রে সদস্য বেড়ে হবে ১৭ জন। প্রথম টেস্টের দলে শীর্ষ পাঁচ ব্যাটার বাঁহাতি হওয়ায় প্রতিপক্ষের বোলারদের জন্য পরিকল্পনা করা সহজ হয়ে যায়। একজন ডানহাতি ব্যাটার না পাওয়ায় সৌম্যকে নিতে হয়েছে বলে জানান প্রধান নির্বাচক হাবিবুর বাশার।
তিনি বলেন, ‘জয় একেবারেই ভালো খেলছে না। তার জায়গায় একজন ওপেনার নিতে হতো। এ মুহূর্তে যারা আছে, তাদের মধ্যে সৌম্য যোগ্য। গেল মৌসুমে ভালো খেলছে সে। তাকে বিকল্প চিন্তা করেই নেওয়া। তবে একজন ডানহাতি ব্যাটার খুব প্রয়োজন ছিল টপঅর্ডারে। টেস্টে ওপেন করার মতো কেউ নেই।’ ২০২৫-২৬ মৌসুমে জাতীয় লিগে সাতটি ম্যাচ খেলে ৬৩৩ রান করেছেন সৌম্য। ৪৫.২১ গড় ছিল তাঁর। একটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি করেছেন খুলনা বিভাগের পক্ষে। ময়মনসিংহের বিপক্ষে ক্যারিয়ারসেরা ১৮৬ রান করেন বাঁহাতি এ ওপেনার। জিম্বাবুয়ের বিপক্ষে খেলা একমাত্র টেস্টের দলে ছিলেন পেসার রবিউল হক। ম্যাচ না খেলিয়ে বাদ দেওয়া হয় তাঁকে।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে বাশার বলেন, “রবিউল আমাদের প্রথম পছন্দ। দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের সফর না থাকলে অস্ট্রেলিয়া যেত সে। আমরা চাইনি সে বসে থাক। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ খেললে ওর এবং আমাদের জন্য লাভ। এ কারণে মুশফিক হাসানকে বিকল্প হিসেবে নেওয়া।” জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে রান করায় ফিরেছেন জাকের।
অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক সৌরভ, আমিত হাসান, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও মুশফিক হাসান।
- বিষয় :
- সৌম্য সরকার
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া