ভিনির নতুন গন্তব্য আর্সেনাল!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ১৩:৫৭ | আপডেট: ২৭ জুলাই ২০২৬ | ১৪:৪৯
ভিনিসিয়ুস জুনিয়রকে বিক্রি করে দিতে পারে রিয়াল মাদ্রিদ। এ খবর শুনেই মাঠে নেমে পড়েছে আর্সেনাল। গানার বস মিকেল আর্তেতা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দলে পেতে মরিয়া। ২২ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জেতা গানাররা আক্রমণভাগ আরও শক্তিশালী করতে চাইছে। কিন্তু রিয়াল মাদ্রিদের নতুন কোচ হোসে মরিনহো কি আদৌ ভিনিকে ছাড়তে রাজি হবে?
অবশ্য রিয়ালের সামনে উপায়ও নেই। ভিনির সঙ্গে রিয়ালের চুক্তি শেষ হবে ২০২৭ সালের ৩০ জুন। বেশ কিছু দিন ধরেই ব্রাজিলিয়ান এ তারকার সঙ্গে নতুন চুক্তির চেষ্টা করে যাচ্ছে রিয়াল। কিন্তু প্রত্যাশা মতো বেতন না বাড়ানোয় রাজি হচ্ছেন না ভিনি। তিনি জানিয়ে দিয়েছেন, বার্ষিক ৩০ মিলিয়ন ইউরো বেতন দিলেই চুক্তি করবেন। ২৬ বছর বয়সী এ উইঙ্গার এখন ১৫ মিলিয়ন ইউরো বেতন পান। বোনাসসহ সেটা হয় ১৮ মিলিয়ন ইউরো। নতুন চুক্তিতে রিয়াল মাদ্রিদ ২০ মিলিয়ন ইউরো দেওয়ার প্রস্তাব দিয়েছে। রিয়াল ম্যানেজমেন্টের যুক্তি, ভিনির প্রত্যাশা মতো পারিশ্রমিক বাড়ালে এমবাপ্পে ও বেলিংহামও বেতন বাড়ানোর জন্য চাপ দেবেন। তখন রিয়ালের ‘বেতন কাঠামো’ ভেঙে পড়বে। পরিস্থিতি না বদলালে ভিনিকে অন্য ক্লাবের কাছে বিক্রি করে দিতে পারে রিয়াল। আবার এক মৌসুম পর চুক্তি শেষ হলে বিদায় করতে পারে। তবে ভিনিকে ফ্রি খেলোয়াড় হিসেবে ছাড়ার সম্ভাবনা খুবই কম। কারণ চুক্তির মেয়াদ শেষ হলে ভিনিকে লয়ালিটি বোনাস দিতে হবে। তাই নতুন চুক্তি নিয়ে সমঝোতা পৌঁছাতে না পারলে মোটা ট্রান্সফার ফ্রির বিনিময়ে অন্য ক্লাবের কাছে বিক্রি করে দেওয়াই ভালো।
এ কারণেই লাইপজিগ থেকে ইয়ান দিয়োমান্দেকে কেনার পরিকল্পনা করছে রিয়াল। জানা গেছে, আইভরি কোস্টের ১৯ বছর বয়সী এ উইঙ্গারকে পাওয়ার জন্য ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে যাচ্ছে রিয়াল। ভিনিকে বিক্রির ক্ষেত্রে বাধা হয়ে পারেন রিয়ালের নতুন কোচ হোসে মরিনহো। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ধরেই আগামী মৌসুমের পরিকল্পনা সাজাচ্ছেন তিনি। এরই মধ্যে রিয়াল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন, ভিনিকে তাঁর চাই। এমবাপ্পে, ভিনিসিয়ুস ও বেলিংহাম– এই ত্রয়ীকে নিয়েই আক্রমণভাগ সাজাতে চাইছেন মরিনহো।
গোলডটকম জানিয়েছে, ভিনিকে পাওয়ার জন্য ১৬০ মিলিয়ন ইউরোর প্যাকেজ পরিকল্পনা সাজিয়েছে আর্সেনাল। ভিনির জন্য আক্রমণভাগ থেকে বেশ কজনকে ছেঁটে ফেলার পরিকল্পনাও নিয়েছেন গানার বস আর্তেতা। এরই মধ্যে বেলজিয়ান
উইঙ্গার লিয়ান্দ্রো ত্রোসার্তকে বিক্রি করে দিয়েছে তারা। ব্রাজিলিয়ান উইঙ্গার গ্যাব্রিয়েল মার্তেনেল্লিকেও বিদায় করতে চাইছে তারা।
বারকোলা ও রায়ানকে চায় লিভারপুল
মোহামেদ সালাহর শূন্যস্থান পূরণে আটঘাট বেঁধে নেমেছে লিভারপুল। তাদের প্রথম টার্গেট পিএসজির ব্রাডি বারকোলা। জানা গেছে, পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করছেন না তিনি। যে কারণে তাঁর এনফিল্ডে আসার গুঞ্জন জোরালো হয়েছে। লিভারপুলের সঙ্গে আর্সেনাল, ম্যানসিটিও ফরাসি এই উইঙ্গারকে পেতে আগ্রহী। এ সুযোগে তাঁর জন্য ১৭০ মিলিয়ন ইউরো দাম বেঁধে দিয়েছে পিএসজি। লিভারপুলের নতুন কোচ আন্দোনি ইরাওলা বোর্নমাউথ থেকে তাঁর পুরোনো শিষ্য রায়ানকেও নিয়ে আসতে চাইছেন। বিশ্বকাপে নজরকাড়া ১৯ বছর বয়সী ব্রাজিলিয়ান এ উইঙ্গারের জন্য ১৫০ মিলিয়ন ইউরো দাম হেঁকেছে বোর্নমাউথ।
- বিষয় :
- ভিনিসিয়াস জুনিয়র
- ব্রাজিল
- আর্সেনাল
- রিয়াল মাদ্রিদ