ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ক্লাব খুঁজছেন যেসব তারকা

ক্লাব খুঁজছেন যেসব তারকা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ১৪:৪৪

বিশ্বকাপ ফুটবলের পর বেশ জমজমাট দলবদলের বাজার। অনেক তারকা ফুটবলার ঠিকানা বদল করলেও অনেক ফুটবলার এখনও দল পাননি। মোহামেদ সালাহসহ বেশ কয়েকজন তারকা ফুটবলার কোনো ক্লাব ছাড়া অলস সময় কাটাচ্ছেন। বিশ্বমানের নামিদামি খেলোয়াড় থেকে শুরু করে নতুন কোনো লিগে নিজের ক্যারিয়ারকে নতুন করে গড়ে তুলতে চাওয়া ফুটবলারদের নাম রয়েছে এই তালিকায়। চলুন, জেনে নেওয়া যাক সবচেয়ে উল্লেখযোগ্য কয়েকজন খেলোয়াড়ের বর্তমান পরিস্থিতি।

মোহামেদ সালাহ: লিভারপুলের হয়ে ৯টি মৌসুমে ৪৪২টি ম্যাচে ২৫৭টি গোল ও ১২৩টি অ্যাসিস্ট করেছেন মোহামেদ সালাহ। ইংলিশ ক্লাবটিতে প্রায় কিংবদন্তির মর্যাদা পাওয়া মিসরীয় এই তারকা আর অ্যানফিল্ডে থাকছেন না। উত্তর আমেরিকা বিশ্বকাপে মিসরের জার্সিতে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছিলেন সালাহ। শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মিসর। ৩৪ বছর বয়সী এই তারকার ভবিষ্যৎ এখন অনিশ্চিত। যদিও বর্তমানে তুর্কি ফুটবল ক্লাব বেসিকতাসের সঙ্গে তাঁর যোগাযোগের খবর রটেছে। তাঁকে দলে নিতে আগ্রহী বেসিকতাস। 

লিওন গোরেৎস্কা: ৩১ বছর বয়সী মিডফিল্ডার লিওন গোরেৎস্কা গত বিশ্বকাপে জার্মানির জাতীয় দলের সদস্য ছিলেন। বায়ার্ন মিউনিখের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ বাড়ছে না। ২০১৮ সালের জুলাইয়ে তিনি বায়ার্নে যোগ দিয়েছিলেন এবং ক্লাবটির জার্সিতে তিনশর বেশি ম্যাচ খেলেছেন। জুভেন্তাস, এসি মিলান ও অ্যাথলেটিকো মাদ্রিদের মতো ইউরোপীয় জায়ান্টরা তাঁকে দলে নেওয়ার জন্য আলোচনা চলছে। 

জেডন সানচো: ২০২১ সালে ১০০ মিলিয়ন ডলার খরচে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর জেডন সানচোর সময়টা ভালো কাটেনি। গত মৌসুমে অ্যাস্টন ভিলায় এমিলিয়ানো মার্তিনেজের সতীর্থ হিসেবে খেলার পর ২৬ বছর বয়সী এই উইঙ্গার এখন ফ্রি এজেন্ট এবং নতুন ক্লাবের সন্ধান করছেন। রেড ডেভিলদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে বরুশিয়া ডর্টমুন্ডেই নিজের সেরা ফর্ম দেখিয়েছিলেন তিনি। 

ফ্যাবিনহো: লিভারপুল ও মোনাকোর সাবেক খেলোয়াড় ফ্যাবিনহো গত বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছিলেন। খুব বেশি খেলার সুযোগ না পেলেও এখনও অনেক ইউরোপীয় ক্লাবের জন্য তিনি আকর্ষণীয় বিকল্প হতে পারেন। ৩২ বছর বয়সে সৌদি আরবের ফুটবলে তিনটি মৌসুম কাটানোর পর তিনি নিজের দেশ ব্রাজিলে ফিরে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। 

দুসান ভ্লাহোভিচ: ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী, ২৬ বছর বয়সী সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচ বর্তমানে ফ্রি থাকা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে দামি। তাঁর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ মিলিয়ন ডলার। জুভেন্তাসে তাঁর শেষ মৌসুমে ২৩ ম্যাচে ১০টি গোল করলেও ইনজুরির কারণে চার মাসের বেশি সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল। বেসিকতাস তাঁকে চুক্তির প্রস্তাব দিলেও তিনি বার্সেলোনার কাছ থেকে কোনো প্রস্তাবের অপেক্ষায় আছেন।

হুয়ানফের কুইনতেরো: রিভার প্লেট থেকে বিতর্কিত বিদায়ের পর কলম্বিয়ান তারকা হুয়ানফের কুইনতেরো এখন ক্লাবহীন। কোচ এদুয়ার্দো কৌদেতের পরিকল্পনায় না থাকায় ক্লাবটির সঙ্গে চুক্তি বাতিল করেছিলেন তিনি। তবে বর্তমানে তিনি ব্রাজিলের অ্যাথলেটিকো মিনেইরোতে যোগ দেওয়ার খুব কাছাকাছি রয়েছেন। বিশ্বকাপে জাতীয় দলের হয়ে মাত্র ৭৮ মিনিট খেলার সুযোগ পেলেও এবং ইনজুরি এড়িয়ে চলতে পারলে এই সাবেক রেসিং তারকার অসাধারণ টেকনিক যে কোনো দলের জন্যই দারুণ এক সংযোজন হতে পারে।

হামেস রদ্রিগেজ: বিশ্বকাপে কলম্বিয়ার অধিনায়কের দায়িত্ব পালন করা সাবেক রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ তারকা হামেস রদ্রিগেজও এখন ফ্রি এজেন্ট। ৩৫ বছর বয়সী এই খেলোয়াড়ের খোঁজখবর নিয়েছে মেক্সিকোর ক্লাব আমেরিকা এবং ইউরোপের কিছু দ্বিতীয় সারির ক্লাব।

মাউরো ইকার্দি: তুরস্কের ক্লাব গ্যালাতাসারায়ের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ৩৩ বছর বয়সী ফুটবলার মাউরো ইতার্দি এখন ফ্রি। দলটির হয়ে ১৩৪ ম্যাচে ৭৭টি গোল করেছেন তিনি। ইতালির ক্লাব কোমো ছাড়াও মেক্সিকো ও ব্রাজিলের কিছু ক্লাব তাঁর ব্যাপারে আগ্রহ দেখালেও ইন্টার মিলানে দ্যুতি ছড়ানো এই স্ট্রাইকারের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।

আরও পড়ুন

×