ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ইনফান্তিনোর বিশ্বকাপ পরিকল্পনায় আপত্তি, পদত্যাগ করলেন জ্যেষ্ঠ উপদেষ্টা

ইনফান্তিনোর বিশ্বকাপ পরিকল্পনায় আপত্তি, পদত্যাগ করলেন জ্যেষ্ঠ উপদেষ্টা
×

ছবি: আল-জাজিরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ | ১৭:৩২

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো পদত্যাগ করেছেন। ফুটবলের সর্বোচ্চ সংস্থার বিশ্বকাপ ও অন্যান্য প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনার প্রতিবাদে শুক্রবার তিনি তাৎক্ষণিকভাবে পদ ছাড়ার ঘোষণা দেন। তার ভাষ্য, এই পরিকল্পনা ‘ফুটবলের জন্য খারাপ একটি চুক্তি’।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ফিফার প্রস্তাব অনুযায়ী নতুন প্রতিষ্ঠান ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) গঠন করা হবে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা হবে। এ লক্ষ্যে ২০ বিলিয়ন ডলারের একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন এবং এর সর্বোচ্চ ২০ শতাংশ মালিকানা বাইরের বিনিয়োগকারীদের কাছে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগে অর্থায়নের সঙ্গে যুক্ত রয়েছেন জশুয়া কুশনার, যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ছোট ভাই।

এক বিবৃতিতে কর্দেইরো বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, এই প্রস্তাবের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। আমি এর সম্পূর্ণ বিরোধিতা করছি। এটি ফিফার সদস্য সমিতিগুলোর জন্য খারাপ, ফুটবলের জন্য খারাপ এবং দীর্ঘমেয়াদে খেলাটির ভবিষ্যতের জন্যও ক্ষতিকর।’

কর্দেইরো প্রশ্ন তোলেন, ফিফার হাতে বিপুল অর্থনৈতিক সঞ্চয় এবং কোনো ঋণ না থাকা সত্ত্বেও কেন সংস্থাটি মাত্র ৪ দশমিক ২ বিলিয়ন ডলার সংগ্রহের জন্য তাদের সবচেয়ে মূল্যবান সম্পদের একটি অংশ বিক্রি করতে চাইছে।

তিনি আরও বলেন, ফিফা সভাপতি নিজেই জানিয়েছেন, ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে সংস্থাটির আয় প্রায় ১৫ বিলিয়ন ডলার। সেই বাস্তবতায় বিদ্যমান সম্পদ থেকেই সদস্য দেশগুলোর জন্য অতিরিক্ত সহায়তা দেওয়া সম্ভব। তাই স্থায়ীভাবে মালিকানার অংশ বিক্রির যৌক্তিকতা তিনি দেখেন না।

ফিফার ২১১টি সদস্য দেশের সামনে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে এ প্রস্তাবে মতামত দেওয়ার সময়সীমা রয়েছে। ইনফান্তিনো এর আগে সদস্য দেশগুলোকে সতর্ক করে বলেছেন, এই উদ্যোগে অংশ না নিলে তারা ‘পিছিয়ে পড়ার ঝুঁকিতে’ থাকবে।

২০২১ সালে ইনফান্তিনো কর্দেইরোকে জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। তার দায়িত্ব ছিল ফুটবলের বিকাশে নতুন কৌশলগত উদ্যোগ নিয়ে ফিফাকে পরামর্শ দেওয়া। এর আগে তিনি যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের সভাপতি ছিলেন এবং ২০২৬ বিশ্বকাপ আয়োজনসংক্রান্ত হোয়াইট হাউস টাস্কফোর্সে ফিফার প্রতিনিধিত্ব করেন।

ব্যবসায়িক জীবনেও কর্দেইরোর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি একসময় বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস–এর ভাইস চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

এদিকে ক্রমবর্ধমান সমালোচনার মধ্যেও ফিফা জানিয়েছে, কিছু ‘ভুল গণমাধ্যম প্রতিবেদন’ তাদের পরামর্শ প্রক্রিয়াকে ব্যাহত করেছে। তবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২১১টি সদস্য সমিতির সামনে প্রস্তাবটি উপস্থাপন করা হবে এবং তারা তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন। 

সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন

×