ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা নিয়ে ফিফার সমালোচনায় এএফসি

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা নিয়ে ফিফার সমালোচনায় এএফসি
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ | ১৮:৩৪ | আপডেট: ৩১ জুলাই ২০২৬ | ১৯:১০

বিশ্বকাপ ও ফিফার অন্যান্য শীর্ষ টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব ব্যবস্থাপনা নিয়ে প্রস্তাবিত নতুন পরিকল্পনার বিরোধিতায় এবার সরব হয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এ বিষয়ে তারা উয়েফা ও কনকাকাফের উদ্বেগের সঙ্গে একমত এবং ফিফার প্রস্তাবিত কাঠামো নিয়ে তাদেরও গুরুতর আপত্তি রয়েছে।

গত মঙ্গলবার ফিফা ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দেয়। পরিকল্পনা অনুযায়ী, প্রতিষ্ঠানটির প্রায় ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ছেড়ে দিয়ে প্রায় ৪.২ বিলিয়ন ডলার বিনিয়োগ সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে উয়েফা এবং কনকাকাফও প্রস্তাবটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এবার এএফসি বলেছে, ফিফার এই উদ্যোগ বিশ্ব ফুটবলের বিভিন্ন অংশীজনের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বিবৃতিতে সংস্থাটি উল্লেখ করে, ‘পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বিশ্বকাপ বয়কটের বাস্তব সম্ভাবনাও এখন প্রকাশ্যে আলোচনায় এসেছে। ফুটবলের ভবিষ্যৎ নিয়ে যারা ভাবেন, তাদের সবার জন্য এটি গভীর উদ্বেগের বিষয়। ফুটবলকে কখনোই এমন পরিস্থিতিতে নিয়ে আসা উচিত ছিল না।’

এর আগে বৃহস্পতিবার এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা সদস্য দেশগুলোর কাছে পাঠানো এক চিঠিতে ফিফার প্রস্তাব উত্থাপনের প্রক্রিয়াকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেন। বিবৃতিতে এএফসি জানায়, প্রস্তাবিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের পক্ষে প্রয়োজনীয় ঐকমত্য অর্জন করা কঠিন হবে। সংস্থাটির মতে, বিশ্বকাপের শক্তি ও গ্রহণযোগ্যতা আসে সব কনফেডারেশন ও সদস্য দেশের অংশগ্রহণ থেকে। তাই এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আরও বিস্তৃত আলোচনা ও পরামর্শ প্রয়োজন ছিল।

শুক্রবার ফিফা পাল্টা বিবৃতিতে জানায়, প্রতিটি সদস্য ফুটবল অ্যাসোসিয়েশনের নিজস্ব মতামত প্রকাশ ও ভোট দেওয়ার অধিকার রয়েছে। তবে এএফসির দাবি, বিষয়টির মূল উদ্বেগ কেবল ভোটাভুটি নয়। বরং সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা, সুশাসন এবং সদস্যদের সঙ্গে অর্থবহ পরামর্শের অভাব।

বিবৃতির শেষে সংস্থাটি বলেছে, ‘প্রকৃত গণতন্ত্র শুধু ভোটাভুটির মধ্যেই সীমাবদ্ধ থাকে না। সঠিক প্রশাসন, সময়মতো পরামর্শ, তথ্যভিত্তিক আলোচনা এবং প্রতিটি ধাপে অর্থবহ অংশগ্রহণের মাধ্যমেই প্রকৃত গণতান্ত্রিক চর্চা নিশ্চিত হয়।’

এএফসির মতে, চলমান বিতর্ক থেকে শিক্ষা নিয়ে ফিফার প্রাতিষ্ঠানিক কাঠামো ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করা প্রয়োজন।

আরও পড়ুন

×