ভোজিনহার ইউ-টার্ন, চিলির ক্লাবকে ‘ধোঁকা’ দিয়ে যেতে পারেন মরক্কোতে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ | ১৮:৪৮ | আপডেট: ০১ আগস্ট ২০২৬ | ১৮:৫০
চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোতে যোগ দেওয়ার ঘোষণা আগেই দিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ। তবে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হওয়ার আগেই কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহাকে ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, সান্তিয়াগোর নির্ধারিত ফ্লাইটে না ওঠায় তার দলবদল নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, কোলো-কোলো ভোজিনহার যোগ দেওয়ার ঘোষণা দিলেও তখনও তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিতে স্বাক্ষর হয়নি। এ সময়ের মধ্যেই মরক্কোর ক্লাব আরএস বারকানে থেকে নতুন প্রস্তাব পাওয়ায় এই গোলরক্ষক নিজের ভবিষ্যৎ নিয়ে পুনর্বিবেচনা করছেন বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।
_1785588475.jpg)
মার্কার তথ্য অনুযায়ী, সম্প্রতি আরএস বারকানের দায়িত্ব নিয়েছেন কেপ ভার্দে জাতীয় দলের সাবেক কোচ বুবিস্তা। দায়িত্ব নেওয়ার পর তিনি ভোজিনহার সঙ্গে যোগাযোগ করেন। ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দেকে নেতৃত্ব দেওয়া এই কোচের সঙ্গে আবার কাজ করার সুযোগই পরিস্থিতি বদলে দিয়েছে। এ ছাড়া বারকানে তাকে নিয়মিত একাদশে খেলার নিশ্চয়তার পাশাপাশি কোলো-কোলোর প্রস্তাবের তুলনায় আরও আকর্ষণীয় আর্থিক প্রস্তাব দিয়েছে বলেও দাবি করা হয়েছে।
২০২৬ বিশ্বকাপে স্পেন, উরুগুয়ে ও আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বজুড়ে আলোচনায় আসেন ৪০ বছর বয়সী ভোজিনহা। তার সেই পারফরম্যান্সের পর থেকেই বিভিন্ন দেশের ক্লাবগুলোর আগ্রহের কেন্দ্রে চলে আসেন তিনি।
ফ্রি এজেন্ট হওয়া এই গোলরক্ষককে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছিল একাধিক ক্লাব। কোলো-কোলো তাকে দলে নেওয়ার ঘোষণা দিলেও আনুষ্ঠানিক চুক্তি এখনো সম্পন্ন হয়নি। ফলে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এদিকে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভোজিনহার যোগ দেওয়ার ঘোষণা দেওয়ায় সমালোচনার মুখে পড়েছে কোলো-কোলো। এখন ভোজিনহা যদি মরক্কোর আরএস বারকানে যোগ দেন, তাহলে দলবদলের বাজারে এটি হবে চলতি মৌসুমের অন্যতম নাটকীয় মোড়।
- বিষয় :
- কেপ ভার্দে
- চিলি
- ভোজিনহা
- ফুটবল দলবদল