ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

৮৫ রানের পুঁজি নিয়েও জিএসএল চ্যাম্পিয়ন গায়ানা

৮৫ রানের পুঁজি নিয়েও জিএসএল চ্যাম্পিয়ন গায়ানা
×

ছবি- এক্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ | ১৬:০৫

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই যেখানে ব্যাটারদের দাপট আর চার-ছক্কার উৎসব, সেখানে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) ফাইনালে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। মাত্র ৮৫ রানের পুঁজি নিয়েই অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে স্যান ফ্র্যান্সিসকো ইউনিকর্নসকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

রোববার গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আগে ব্যাট করে মাত্র ৮৫ রানে অলআউট হয় গায়ানা। জবাবে ৮৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৭৯ রানেই গুটিয়ে যায় স্যান ফ্র্যান্সিসকো। ফলে ৬ রানের রুদ্ধশ্বাস জয় নিয়ে শিরোপা ধরে রাখে স্বাগতিকরা।

এই জয়ের মধ্য দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে বিরল এক রেকর্ডও গড়েছে গায়ানা। প্রায় দুই দশকের টি-টোয়েন্টি ইতিহাসে কোনো স্বীকৃত টুর্নামেন্টের ফাইনালে ১০০ রানের কম পুঁজি নিয়ে শিরোপা জয়ের ঘটনা এটিই প্রথম। এর আগে ২০২৩ সালের ওয়েস্ট আফ্রিকা ট্রফির ফাইনালে রুয়ান্ডার বিপক্ষে ১০৩ রান করে জিতেছিল নাইজেরিয়া। যা এতদিন ছিল সর্বনিম্ন স্কোরে ফাইনাল জয়ের রেকর্ড।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে গায়ানা। পাওয়ার প্লের মধ্যেই চার উইকেট হারানোর পর আরও চার ব্যাটার সাজঘরে ফিরলে মাত্র ৮.৩ ওভারে ২৯ রানেই ৮ উইকেট হারিয়ে বসে তারা। প্রথম আট ব্যাটারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। সেখান থেকেই দলকে লড়াইয়ে ফেরান ম্যাথু ফোর্ড ও ডোয়াইন প্রিটোরিয়াস। নবম উইকেটে দুজনে যোগ করেন মূল্যবান ৪১ রান। ফোর্ড ২৩ বলে ২৮ রান করেন, যেখানে ছিল দুটি চার ও দুটি ছক্কা। প্রিটোরিয়াসের ব্যাট থেকে আসে ৩০ বলে ১৭ রান। শেষদিকে ৪০ বছর বয়সী ইমরান তাহির ১১ বলে ১১ রান যোগ করে দলকে ৮৫ পর্যন্ত নিয়ে যান। স্যান ফ্র্যান্সিসকোর হয়ে অনিরুদ্ধ এমানুয়েল ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নেন। সমান তিনটি উইকেট শিকার করেন অভিজ্ঞ পেসার পিটার সিডলও।

৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুটা ভালো হয়নি স্যান ফ্র্যান্সিসকোর। তবে একসময় ৩ উইকেটে ৫৩ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই নিয়ে গিয়েছিল তারা। চার নম্বরে নেমে অলিভার পিক ২৮ বলে সর্বোচ্চ ৩১ রান করেন। কিন্তু দশম ওভারের শেষ বলে সঞ্জয় কৃষ্ণমূর্তির বিদায়ের পরই ম্যাচের মোড় ঘুরে যায়। ৫৩ থেকে মাত্র ৫৮ রান তুলতেই আরও পাঁচ উইকেট হারিয়ে বসে ইউনিকর্নস।

আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী চার ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে ধস নামান। ডোয়াইন প্রিটোরিয়াস ২৪ রানে ৩টি এবং ইমরান তাহির ১৬ রানে ২ উইকেট নিয়ে গায়ানার জয় নিশ্চিত করেন। শেষদিকে পিটার সিডল ২২ বলে অপরাজিত ১৩ রান করলেও দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেননি। নির্ধারিত ওভারের ৯ বল আগেই ৭৯ রানে অলআউট হয়ে যায় স্যান ফ্র্যান্সিসকো।

অলরাউন্ড পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কার জেতেন ডোয়াইন প্রিটোরিয়াস। আর পুরো টুর্নামেন্টে ১০ উইকেট ও ৫৩ রান করে টুর্নামেন্টসেরার পুরস্কার নিজের করে নেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।

আরও পড়ুন

×