ভিনিসিয়ুস চলে যেতে চাইলে আপত্তি করবে না রিয়াল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ | ১৬:১৭
রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিখ্যাত ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছে, নতুন চুক্তির বিষয়ে কোনো সমঝোতায় না পৌঁছালে এই গ্রীষ্মেই তাঁকে বিক্রি করে দিতে আলোচনা শুরু করে দেবে রিয়াল। চুক্তি নিয়ে সর্বশেষ প্রস্তাব আর বাড়াতে রাজি নয় ক্লাবটি।
স্প্যানিশ গণমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, ভিনির প্রতিনিধিদের এরই মধ্যে রিয়াল জানিয়ে দিয়েছে, তাদের দেওয়া সর্বশেষ প্রস্তাবই চূড়ান্ত। নতুন করে আর কোনো আলোচনায় বসবে না মাদ্রিদ জায়ান্টরা। ব্রাজিল তারকা প্রস্তাব গ্রহণ করলে চুক্তির মেয়াদ বাড়ানো হবে, তা না হলে চলতি গ্রীষ্মকালীন দলবদলেই তাঁর ক্লাব ছাড়ার পথ সহজ করে দেবে রিয়াল। ভিনিসিয়ুস যেন চুক্তির শেষ বছরে পা না দেন এবং পরে বিনামূল্য (ফ্রি ট্রান্সফার) ক্লাব ছাড়ার সুযোগ না পান, সে উদ্দেশ্যেই এই কঠোর সিদ্ধান্ত।
বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে প্রাক-মৌসুম প্রস্তুতিতে যোগ দেওয়ার জন্য আগামীকাল সোমবার রিয়ালে ফেরার কথা ভিনির। এই খবরে নিশ্চিতভাবেই বেশ খুশি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। ভিনিকে কিনতে ইতোমধ্যে বেশ আগ্রহ দেখিয়েছে তারা। যদিও খেলোয়াড়ের ঘনিষ্ঠ সূত্রের দাবি, এখনও গানারদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি তাদের।
রিয়ালের সঙ্গে ভিনির নতুন চুক্তির বিষয়টি অনেক দিন ধরেই ঝুলে আছে। ভিনির সঙ্গে রিয়ালের মূল বিরোধের জায়গা হলো ‘সাইনিং বোনাস’। বেতন নিয়ে খুব একটা সমস্যা নেই। রিয়ালের যুক্তি, বর্তমানে ক্লাবের কোনো খেলোয়াড়ের সাইনিং বোনাস ফ্রি ট্রান্সফারে আসা খেলোয়াড়ের চেয়ে কম হওয়া উচিত। অন্যদিকে ভিনির দাবি, দলবদলের বাজারে তাঁর বিকল্প খুঁজতে রিয়ালকে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হতো সে তুলনায় তাদের চাওয়া সামান্যই।
তবে রিয়াল কর্তৃপক্ষ এসব যুক্তি শুনতে রাজি নয়। তাদের দেওয়া প্রস্তাব চূড়ান্ত, আর বাড়ানো হবে না। ক্লাব মনে করছে, এই প্রস্তাবে চুক্তি নবায়ন করবেন নাকি অন্য কোথাও পাড়ি জমাবেন–সেই সিদ্ধান্ত নেওয়ার ভার ২৬ বছর বয়সী এ তারকা উইঙ্গারের। সেই ২০২৪ সাল থেকে এ বিষয়টি নিয়ে আলোচনা চলছে। কোনো পক্ষই ছাড় না দেওয়ায় শক্ত পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে রিয়াল। এরইমধ্যে লাইপজিগ থেকে তরুণ উইঙ্গার ইয়ান দিয়োমান্দেকে দলে ভেড়ানোয় এখন বেশ নির্ভার রিয়াল।
- বিষয় :
- ভিনিসিয়াস জুনিয়র
- রিয়াল মাদ্রিদ
- ব্রাজিল