ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

যে কারণে মার্তিনেজকে নিয়ে আগ্রহ নেই জুভেন্টাসের

যে কারণে মার্তিনেজকে নিয়ে আগ্রহ নেই জুভেন্টাসের
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ | ১৯:২৪

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে দলে ভেড়ানোর গুঞ্জন শেষ পর্যন্ত আর বাস্তবে রূপ নিচ্ছে না। দীর্ঘ আলোচনার পর দলবদলের দৌড় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। বিষয়টি নিশ্চিত করেছেন দলবদলবিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফাব্রিজিও রোমানো।

রোমানোর তথ্য অনুযায়ী, মার্তিনেজকে নিয়ে আর এগোবে না বলে অ্যাস্টন ভিলাকে ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে জুভেন্টাস। মূল বাধা হয়ে দাঁড়িয়েছে সম্ভাব্য চুক্তির আর্থিক দিক। ট্রান্সফার ফি এবং গোলরক্ষকের উচ্চ বেতনের সমন্বিত ব্যয় জুভেন্টাসের বর্তমান পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেই ক্লাবটি এই সিদ্ধান্ত নিয়েছে।

অ্যাস্টন ভিলা মার্তিনেজের জন্য প্রায় ১ কোটি ইউরো ট্রান্সফার ফি চেয়েছিল। এর সঙ্গে যোগ হতো তার মোটা অঙ্কের বেতন। সব মিলিয়ে পুরো চুক্তির ব্যয় জুভেন্টাসের নির্ধারিত বাজেট ছাড়িয়ে যাওয়ায় ইতালিয়ান ক্লাবটি শেষ পর্যন্ত আর আগ্রহ দেখায়নি।

২০২০ সালে আর্সেনাল ছেড়ে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর থেকেই দলের নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন মার্তিনেজ। ভিলার জার্সিতে এখন পর্যন্ত ২৫৬ ম্যাচ খেলে ৮০টি ক্লিনশিট রয়েছে তার। ২০২২ বিশ্বকাপজয়ী এই গোলরক্ষকের সঙ্গে ইংলিশ ক্লাবটির চুক্তির মেয়াদ আছে ২০২৯ সালের জুন পর্যন্ত।

মার্তিনেজের প্রতি আগ্রহ থাকলেও ৩৩ বছর বয়সী একজন গোলরক্ষকের জন্য বড় অঙ্কের অর্থ ব্যয় করতে রাজি নয় তুরিনের ক্লাবটি। এখন পর্যন্ত মার্তিনেজের বিকল্প হিসেবে নতুন কোনো গোলরক্ষকের নাম চূড়ান্ত করেনি জুভেন্টাস। তবে গ্রীষ্মকালীন দলবদলের সময় শেষ হওয়ার আগেই অন্য বিকল্প নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে ইতালিয়ান ক্লাবটি।

অন্যদিকে, নতুন কোনো বড় প্রস্তাব না এলে আগামী মৌসুমেও অ্যাস্টন ভিলার গোলপোস্টেই দেখা যেতে পারে এমিলিয়ানো মার্তিনেজকে।

আরও পড়ুন

×