পেনাল্টি কর্নারে জোর হকি কোচ গেরহার্ডের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ১৪:১৯ | আপডেট: ০৩ আগস্ট ২০২৬ | ১৪:২৪
শুক্রবার এসেছেন ঢাকায়। শনিবার থেকেই শিষ্যদের নিয়ে কাজে নেমে পড়েন জাতীয় হকি দলের কোচ পিটার গেরহার্ড। গতকাল রোববার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ৩৮ খেলোয়াড়কে তিনটি দলে বিভক্ত করে ম্যাচ খেলিয়েছেন এ জার্মান কোচ। আর দুই সেশনের অনুশীলনে জোর দিয়েছেন টেকনিকের ওপর।
আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ হকি দল। এশিয়ান গেমস হকিতে পুল পর্বে বাংলাদেশ খেলবে স্বাগতিক জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার বিপক্ষে। এই পর্বের সেরা দুই দল উঠবে সেমিফাইনালে। বাকিরা খেলবে স্থান নির্ধারণী ম্যাচে। গতকাল ম্যাচে খেলোয়াড়দের কৌশলগত দক্ষতা, শারীরিক সক্ষমতা এবং ম্যাচ পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা যাচাই করাই ছিল মূল উদ্দেশ্য।
অনুশীলন এবং ম্যাচে পেনাল্টি কর্নার নিয়ে পিটার কাজ করেছেন বলে জানান আশরাফুল, ‘নতুন কোচ তাঁর পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন, আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। পিটার আসার পর আমাদের সেট নিয়ে কাজ শুরু করেছেন। আমাদের মূল অস্ত্র পেনাল্টি কর্নার। এটার ওপরই কোচ বেশি জোর দিয়েছেন। গোলরক্ষক সামনে এলে কী করব, গোলরক্ষক পেছনে গেলে কী করব– এসব শেখাচ্ছেন।’
ম্যাচ শেষে প্রধান কোচ পিটার গেরহার্ড তাঁর পরিকল্পনা ব্যক্ত করে বলেন, ‘খেলোয়াড়দের বর্তমান অবস্থা এবং মাঠের পারফরম্যান্স মূল্যায়ন করার জন্য এই অনুশীলন ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই আমরা পরবর্তী ধাপের জন্য এগোতে পারব।’
আর কোচের পরিকল্পনাগুলো কাজে লাগানোর চেষ্টা করছেন বলে জানান আমিরুল ইসলাম, ‘আমাদের প্লেয়ার ৩৮ জন, তো দুটি গ্রুপ করলে সবাই সুযোগ পাচ্ছে না। তাই কোচিং স্টাফরা চিন্তা করেছেন তিন গ্রুপ করতে। এটা করাতে নিজেদের প্রমাণের জন্য যথেষ্ট সুযোগ পাচ্ছে খেলোয়াড়রা। যেহেতু বড় একটা স্টেজ এশিয়ান গেমস, আমি মনে করি সবার সমান সুযোগ পাওয়ার অধিকার আছে। এই দিক বিবেচনা করেই তারা তিনটি টিম করেছে।’
গেরহার্ড কোন বিষয়ের ওপর জোর দিয়েছেন, সেটাও স্পষ্ট করেছেন আমিরুল, ‘আমাদের কিছু ছোট ছোট টেকনিক শেখাচ্ছে। কারণ ছোট ছোট টেকনিকের দুর্বলতার কারণেই আমরা বড় টিমের সঙ্গে পারছি না। তাই এগুলো যদি ওভারকাম করতে পারি, তাহলে বড় দলগুলোর বিপক্ষে ভালো করতে পারব। ফাইট করতে পারব। বিগত ম্যাচগুলোতে দেখেন আমরা বড় টিমের কাছে ততটা বড় ব্যবধানে হারিনি। মালয়েশিয়ার কাছে ৪-১ ব্যবধানে হেরেছি। আমাদের ছোট ছোট ভুলের কারণে আমরা হেরেছি। কোচ এই বিষয়গুলোতে ফোকাস করেছেন। ছোট ভুলগুলো যেন আমরা না করি আর পরবর্তী ম্যাচগুলোতে আমরা যেন তার সঠিক প্রয়োগ করতে পারি।’
- বিষয় :
- হকি
- আমিরুল ইসলাম
- পেনাল্টি