ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

‘এখনই অবসরের ইচ্ছা নেই, আর কতদিন খেলব, সেটাও জানি না’

‘এখনই অবসরের ইচ্ছা নেই, আর কতদিন খেলব, সেটাও জানি না’
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ১৪:০৩ | আপডেট: ০৪ আগস্ট ২০২৬ | ১৭:০৩

ব্রাজিল জাতীয় দলের জার্সিকে বিদায় জানানো নেইমার জুনিয়রের ক্লাব ক্যারিয়ার নিয়েও জোর আলোচনা চলছে। বছরের শেষেই সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এরপরই কি চিরতরে বুট জোড়া তুলে রাখবেন ব্রাজিলিয়ান এই রাজপুত্র, নাকি সবুজ গালিচায় আরও কিছুদিন দেখা যাবে তার পায়ের জাদু? এমন প্রশ্নের জবাবে স্পষ্ট কোনো উত্তর দেননি ব্রাজিলিয়ান তারকা। তবে আপাতত অবসরের কোনো পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন তিনি।

সম্প্রতি সাও পাওলোতে নিজের দাতব্য প্রতিষ্ঠান ইনস্টিটিউট নেইমার জুনিয়র আয়োজিত এক বিশেষ নিলাম অনুষ্ঠানে ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। অনুষ্ঠানে তার স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি, দুই মেয়ে মেল ও মাভি, ছেলে ডেভি লুকা এবং বোন রাফায়েলা সান্তোসও উপস্থিত ছিলেন।

দাতব্য প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি এখনই অবসর নেওয়ার কথা ভাবছি না। আর কতদিন খেলব, সেটাও জানি না। সান্তোসের সঙ্গে এই বছরের শেষ পর্যন্ত আমার চুক্তি রয়েছে। আমার লক্ষ্য হলো চুক্তির পুরো সময়টা নিজের সর্বোচ্চটা দিয়ে ক্লাবের হয়ে খেলা। এরপর দেখা যাবে কী হয়। আমি থাকব, অন্য কোথাও যাব, নাকি অবসর নেব। সত্যি বলতে, এখনই আমি নিজেও জানি না।’

তিনি আরও বলেন, ‘ডিসেম্বর পর্যন্ত এখনও অনেক সময় আছে। আমরা ম্যাচ ধরে এগোচ্ছি। আমি শারীরিকভাবে নিজেকে শতভাগ ফিট অনুভব করছি। সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, আর কোচ যখনই ডাকবেন, মাঠে নামতে প্রস্তুত আছি।’

এর আগে নেইমার একাধিকবার জানিয়েছেন, ব্রাজিলের হয়ে আর কোনো বিশ্বকাপ খেলার পরিকল্পনা নেই। তবে সম্প্রতি তার বাবা ইঙ্গিত দিয়েছিলেন, চার বছরে অনেক কিছু বদলে যেতে পারে। সেই মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসতে হাসতেই নেইমার বলেন, ‘হতে তো পারে! তবে মাঠে দৌড়াতে তো আর উনাকে (বাবাকে) হবে না, খেলতে হবে আমাকে!’

আরও পড়ুন

×