আম্পায়ার সৈকতকে নিয়ে অবস্থান পরিষ্কার করল বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ১৮:২৯ | আপডেট: ০৪ আগস্ট ২০২৬ | ১৮:৩৫
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে চুক্তি নবায়ন না করার কারণ ব্যাখ্যা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাম্প্রতিক সময়ে বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পর মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের অবস্থান স্পষ্ট করে বোর্ড।
২০২৫ সালের ২১ এপ্রিল মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা এক ম্যাচ কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে বিসিবির চুক্তিভুক্ত আম্পায়ারের পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সৈকত। সে সময় বিসিবি তার পদত্যাগ গ্রহণ করেনি। বরং পরবর্তী এক বছর তিনি চুক্তির আওতায় থেকে নিয়মিত পারিশ্রমিক পান। তবে ২০২৬ সালের এপ্রিলে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আর তা নবায়ন করা হয়নি।
বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই বিসিবি জানায়, সৈকতের মূল চুক্তির মেয়াদ শেষ হয়েছিল ২০২৫ সালের ডিসেম্বরে। পরে সেটি ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। ওই মেয়াদ শেষ হওয়ার পর আর নতুন করে চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়া হয়নি।
বিসিবির ভাষ্য, আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হওয়ার পর সৈকতের আন্তর্জাতিক দায়িত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে জাতীয় বোর্ডের চুক্তিভুক্ত আম্পায়ার হিসেবে আগের মতো নিয়মিত দায়িত্ব পালন করা তার পক্ষে বাস্তবসম্মত নয়। এ বিষয়টি বিবেচনায় নিয়েই চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইসিসির এলিট প্যানেলের আম্পায়ারদের কেন্দ্রীয় চুক্তির আওতায় রাখা পূর্ণ সদস্য দেশগুলোর বাধ্যবাধকতা নেই। কারণ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার ব্যস্ততার সঙ্গে জাতীয় বোর্ডগুলোর সূচির সমন্বয় করা কঠিন হয়ে পড়ে।
তবে বিসিবি স্পষ্ট করেছে, সৈকতের সঙ্গে তাদের সম্পর্কের ইতি ঘটেনি। তার প্রাপ্যতা অনুযায়ী ভবিষ্যতেও দ্বিপাক্ষিক আন্তর্জাতিক সিরিজের পাশাপাশি দেশের প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট ‘এ’ এবং টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে।
- বিষয় :
- শরফুদ্দৌলা ইবনে সৈকত
- বিসিবি
- আইসিসি