তিন দিনেই ভুল শুধরে টেস্টে ঘুরে দাঁড়াতে চান সিমন্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ১৫:৫৫
অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছর পর টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। মূল লড়াইয়ের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হিসেবে অস্ট্রেলিয়া একাদশের সঙ্গে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছেন শান্তর দল। যেখানে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই হতাশ করেছে বাংলাদেশ। ইনিংস ব্যবধানে হারের সেই ধাক্কা নিয়ে পড়ে থাকতে চান না প্রধান কোচ ফিল সিমন্স। বরং হাতে থাকা তিন দিন কাজে লাগিয়ে ভুলগুলো শুধরে মূল টেস্টে ঘুরে দাঁড়াতে চান তিনি।
প্রস্তুতি ম্যাচ শেষে সিমন্স বলেন, ‘আমাদের হাতে এখনও তিন দিন সময় আছে এখানের ভুলগুলো শুধরে নিয়ে মূল ম্যাচে সব ঠিকভাবে করার। আমি বিশ্বাস করি, এই তিন দিনে আমরা নিজেদের নিয়ে কাজ করব, যেন টেস্ট ম্যাচে নিজেদের জন্য ভালো সুযোগ তৈরি করতে পারি।’
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা ছিল ব্যাটিং। প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরির পরও ২৬৩ রানে গুটিয়ে যায় দল। দ্বিতীয় ইনিংসে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৫৪ রানেই অলআউট হয় বাংলাদেশ। ব্যাটারদের শট নির্বাচন ও আউট হওয়ার ধরন নিয়ে তাই আলাদা করে কাজ করতে চান সিমন্স।
বাংলাদেশ কোচ বলেন, ‘আমরা নিজেদের নিয়ে কাজ করার জন্য আরও তিন দিন সময় পাচ্ছি, এই ব্যাপারটা ভালো। এখানে প্রস্তুতি ম্যাচে আমরা ব্যাটিংয়ে নিজেদের হতাশ করেছি। আমরা কীভাবে আউট হয়েছি, আপনারা দেখেছেন, যা একদমই ভালো ছিল না।’
তবে প্রস্তুতি ম্যাচের ফলকে মূল সিরিজের আগে বড় কোনো সংকেত হিসেবে দেখছেন না সিমন্স। বরং ম্যাচ থেকে পাওয়া ভুলগুলো চিহ্নিত করে দ্রুত সেগুলো শুধরে নেওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। তার ভাষায়, ‘প্রস্তুতি ম্যাচটি হতাশাজনক ছিল। তবে আমরা সেটা পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি। এখন আমাদের পুরো মনোযোগ সামনে থাকা টেস্ট ম্যাচে।’
আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।
- বিষয় :
- ফিল সিমন্স
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া