তামিমের যে মহাপরিকল্পনায় বদলে যাবে দেশের ক্রিকেট
তামিম ইকবাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ১১:৩০
বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে শুধু জাতীয় দলের ফলাফল নয়, বরং পুরো ক্রিকেট কাঠামোকে শক্তিশালী করার ওপর জোর দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। অবকাঠামোগত উন্নয়ন, সেন্টার অব এক্সিলেন্স এবং দেশের বিভিন্ন প্রান্তের সম্ভাবনাময় ক্রিকেটারদের নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি।
সমকালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি। সেখানে তিনি জানিয়েছেন, বর্তমান জাতীয় দলের ফলাফলের চেয়ে এই মুহূর্তে ক্রিকেটীয় কাঠামো গড়ে তোলাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।
বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর কাজের অভিজ্ঞতা জানতে চাইলে তামিম বলেন, ‘একটা লক্ষ্য ছিল আর ওই লক্ষ্য নিয়েই এগোচ্ছিলাম। প্রতিবন্ধকতা থাকবেই, এটা মেনে নিতে হয়। ওর থেকে গুরুত্বপূর্ণ হলো বড় দায়িত্ব সততার সঙ্গে পালন করা। যে কাজের জন্য দায়িত্ব পাওয়া, সে উদ্দেশ্য ও লক্ষ্য পূরণ করা আমার কর্তব্য। আমি অল্প কিছু লক্ষ্য নিয়ে এগোচ্ছি এবং সেগুলো অর্জন করার চেষ্টা করছি।’
জাতীয় দলের ফলাফলের বাইরে দীর্ঘমেয়াদি কাঠামো তৈরির প্রয়োজনীয়তার কথা তুলে তামিম। তার ভাষায়, ‘আমি বা আমার বোর্ড জাতীয় দলের ফলকেন্দ্রিক চিন্তা করছি না। দেশের ক্রিকেট কাঠামো মজবুত করার পরিকল্পনা নিয়েছি। আমার কাছে সিরিজ জেতা-হারার চেয়েও এ মুহূর্তে গুরুত্বপূর্ণ হলো সুযোগ-সুবিধা বাড়ানো। আজ থেকে ২০ বছর আগে সুযোগ-সুবিধাগুলো গড়ে তোলা হলে আমি অন্যভাবে চিন্তা করতাম। যেহেতু হয়নি, তাই ক্রিকেটীয় কাঠামো গড়ে তোলা প্রধান লক্ষ্য।’
সেন্টার অব এক্সিলেন্সকে দেশের ক্রিকেটের জন্য একটি উৎপাদনকেন্দ্র হিসেবে দেখছেন তামিম। তার মতে, পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে বাংলাদেশে আন্তর্জাতিক মানের ক্রিকেটারের সংখ্যা অনেক বাড়তে পারে। তামিম বলেন, ‘এখন যে প্রকল্পগুলো নিয়েছি, সেগুলো বাস্তবায়ন হলে পাঁচ থেকে সাত বছর পর ৫০ থেকে ৬০ জন আন্তর্জাতিক ক্রিকেটার থাকতে পারে। কারখানা না থাকলে প্রডাক্ট বের করবে কোথা থেকে? সেন্টার অব এক্সিলেন্স সেই কারখানা।’
বাংলাদেশের ক্রিকেটে ফলাফলকে গুরুত্ব দেওয়া হলেও ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটার তৈরিতে আরও বেশি নজর দিতে চান বিসিবি সভাপতি। বর্তমান জাতীয় দলের পারফরম্যান্সের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে থাকা সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করাকে গুরুত্ব দিচ্ছেন তিনি। তামিম বলেন, ‘এই দল বা বর্তমান দলে যারা আছে, তাদের ভালো পারফরম্যান্সের জন্য যা করার আমরা করব। এই দল থেকে আমরা কতটা আশা করতে পারি, সবার তা ধারণা আছে। কিন্তু রাজশাহী বা বরিশালের একটি ১৬ বছরের ছেলের কতটা ক্ষমতা আছে, সে ধারণা নেই। পৃথিবীর সেরা ব্যাটার হওয়ার, বাংলাদেশকে বিশ্বচ্যাম্পিয়ন করার সম্ভাবনা থাকতে পারে। আমরা ওটাতে ফোকাস করছি।’
- বিষয় :
- বিসিবি সভাপতি
- তামিম ইকবাল
- বিসিবি