ইনফান্তিনোকে দুর্বল করার ‘ষড়যন্ত্র’ চলছে, ফিফার অভিযোগ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ১৬:২৫ | আপডেট: ০৯ আগস্ট ২০২৬ | ১৮:৪৭
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে একের পর এক বিতর্কের মধ্যেই প্রকাশ্যে তার পাশে দাঁড়িয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফিফার দাবি, সভাপতি ইনফান্তিনো ও সংস্থাটিকে দুর্বল করতে পেছন থেকে একটি ‘সমন্বিত ও ধারাবাহিক ষড়যন্ত্র’ চালানো হচ্ছে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ফিফা জানায়, সাম্প্রতিক সময়ে সংস্থা ও এর সভাপতির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ‘ভিত্তিহীন দাবি এবং স্পষ্টতই মিথ্যা তথ্য’ ছড়ানো হচ্ছে।
ইনফান্তিনো ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত উয়েফার মহাসচিবের দায়িত্বে ছিলেন। সেই সময়ের একটি ব্যক্তিগত সম্পর্ক ও সংশ্লিষ্ট এক নারী কর্মকর্তাকে ঘিরে সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এ প্রকাশিত প্রতিবেদন নতুন করে বিতর্কের জন্ম দেয়।
প্রতিবেদনটিতে দাবি করা হয়, উয়েফায় দায়িত্ব পালনকালে ইনফান্তিনো তাঁর ঘনিষ্ঠ এক নারী কর্মকর্তার পদোন্নতিতে প্রভাব খাটিয়েছিলেন। পরে ওই কর্মকর্তা চাকরি ছাড়ার সময় ছয় অঙ্কের অর্থের ছাঁটাই ভাতার পাশাপাশি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে এমবিএ করার জন্য প্রায় ৪৫ হাজার পাউন্ডের আর্থিক সুবিধা পেয়েছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে অভিযোগগুলো সরাসরি অস্বীকার করেছেন ইনফান্তিনো। উয়েফার পক্ষ থেকেও বলা হয়েছে, সংশ্লিষ্ট নারী কর্মকর্তাকে তার চুক্তি অনুযায়ী প্রাপ্য অর্থ দেওয়া হয়েছিল। পাশাপাশি স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে তার এমবিএ কোর্সের ফিও পরিশোধ করা হয়েছিল।
এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ওঠা অভিযোগ ও সাম্প্রতিক প্রতিবেদন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, বৈধ ও গঠনমূলক সমালোচনাকে তারা সবসময় স্বাগত জানায়। তবে সমালোচনার নামে তথ্য বিকৃত করা কিংবা ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে বিভ্রান্তি তৈরির বিষয়টি মেনে নেওয়া হবে না। ফিফার ভাষায়, ‘সমালোচনার নামে তথ্য বিকৃত করা, ভিত্তিহীন অভিযোগ সামনে আনা কিংবা ফিফাকে দুর্বল করার উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
সংস্থাটি আরও সতর্ক করে জানিয়েছে, ‘যেকোনো ভুল বা বিভ্রান্তিকর প্রতিবেদনের বিরুদ্ধে ফিফা সরাসরি ও কঠোর অবস্থান গ্রহণ করবে।’
ইনফান্তিনোর মেয়াদ ও আগামী সভাপতি নির্বাচন নিয়েও বিবৃতিতে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, ফিফার গঠনতন্ত্র, গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠিত শাসনব্যবস্থার বাইরে গিয়ে সভাপতি পদ নিয়ে কোনো ধরনের অনিয়মতান্ত্রিক পদক্ষেপ মেনে নেওয়া হবে না। সমালোচকদের উদ্দেশে বিবৃতির শেষাংশে আরও বলা হয়েছে, ‘যারা ফিফার সদস্য অ্যাসোসিয়েশনগুলোর সমর্থন পেতে ব্যর্থ, তারা ভিত্তিহীন অভিযোগ বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সেই সমর্থন অর্জনের চেষ্টা করতে পারেন না।’
- বিষয় :
- ফিফা সভাপতি
- জিয়ান্নি ইনফান্তিনো