ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বেতন বকেয়া, ‘জীবন নিয়ে আতঙ্কে’ ফুটবল দলের কোচ

বেতন বকেয়া, ‘জীবন নিয়ে আতঙ্কে’ ফুটবল দলের কোচ
×

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ১৪:৫৪ | আপডেট: ১০ আগস্ট ২০২৬ | ১৫:১৯

বেতন না পাওয়া এবং নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্স। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের আর্থিক সংকট, পরিবারের জন্য দুশ্চিন্তা এবং নিরাপত্তাহীনতার কথা প্রকাশ করেছেন এই ইংলিশ কোচ।

আসন্ন এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব সামনে রেখে গত মাস থেকে যশোরের সামসুল হুদা ফুটবল একাডেমিতে আবাসিক ক্যাম্প পরিচালনা করছেন জোন্স। ক্যাম্প চলাকালেই সোমবার নিজের ফেসবুক পোস্টে বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

নিজের নিরাপত্তা এবং পরিবার নিয়ে উদ্বেগের কথা জানিয়ে জোন্স লেখেন, ‘মন খুব খারাপ। নিজের নিরাপত্তা এবং পরিবারের কথা ভেবে চিন্তায় আছি। প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা হজম করা কঠিন।’

এরপর নিজের আর্থিক দুরবস্থার কথাও তুলে ধরেন এই কোচ। বেতন না পাওয়ায় পরিবারের কাছে অর্থ পাঠাতে পারছেন না বলেও জানান তিনি। জোন্স লেখেন, ‘বেতনের অপেক্ষায় আছি। আমার কাছে কোনো টাকা নেই, আর পরিবারকে খাবার কেনার জন্য দেশে টাকা পাঠাতে পারছি না।’

সবচেয়ে গুরুতর অভিযোগটি আসে তার নিরাপত্তা নিয়ে। নিজের জীবন নিয়ে ভয় ও আতঙ্কের কথা সরাসরি জানিয়েছেন অনূর্ধ্ব-২০ দলের এই কোচ। তিনি লেখেন, ‘আমি নিজের জীবন নিয়ে ভয়ে ও আতঙ্কে আছি।’

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্সের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে হতাশা প্রকাশ করেছেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী। সোমবার সমকালকে তিনি বলেন, ‘৯ তারিখেই আমরা তার অ্যাকাউন্টে পুরো টাকা পাঠিয়ে দিয়েছি। যেহেতু এটি রেমিট্যান্সের বিষয় এবং বাংলাদেশের ব্যাংকিং প্রক্রিয়ায় কিছুটা সময় লাগে, তাই ১০ তারিখের মধ্যেই তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাওয়ার কথা। কিন্তু আজ দিন শেষ হওয়ার আগেই তিনি যেভাবে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন, তাতে আমি ব্যক্তিগতভাবে হতাশ।’

যশোরে জাতীয় দলের আবাসিক ক্যাম্প চলাকালে বিদেশি কোচের এমন প্রকাশ্য অভিযোগ দেশের ফুটবলাঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে বেতন বকেয়া থাকার পাশাপাশি নিরাপত্তা নিয়ে তার উদ্বেগের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে জেরার্ড জোন্সের পোস্টে ঠিক কী কারণে তিনি নিজের জীবন নিয়ে আতঙ্কে আছেন, কিংবা কোন ধরনের ভুল বোঝাবুঝির মুখোমুখি হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

সংশ্লিষ্ট খবর

আরও পড়ুন

×