ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

গোল উদযাপনের সময় টানেলে লাফ দিয়ে আহত ব্রাজিলিয়ান ফুটবলার

গোল উদযাপনের সময় টানেলে লাফ দিয়ে আহত ব্রাজিলিয়ান ফুটবলার
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ১৬:৫০

ব্রাজিলিয়ান ফুটবলে ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। গোল উদযাপনের সময় মাঠের বিজ্ঞাপনী বোর্ড টপকাতে গিয়ে সোজা টানেলের গর্তে পড়ে আহত হলেন ফুটবলার। সেখান থেকে উঠে আসার পর ভিএআর পর্যালোচনায় তিনি জানতে পারলেন, তার সেই কাঙ্ক্ষিত গোলটিই বাতিল হয়ে গেছে। ব্রাজিলের কুতু পেরেইরা স্টেডিয়ামে করিতিবা ও শাপেকোয়েন্সের মধ্যকার রোমাঞ্চকর ম্যাচে এই কাণ্ড ঘটান শাপেকোয়েন্সের ডিফেন্ডার জাসি মারানহাও।

ম্যাচ চলাকালীন দারুণ এক শটে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েই আনন্দে আত্মহারা হয়ে মাঠের সীমানা পোস্টের দিকে দৌড় দেন মারানহাও। উল্লাসিত হয়ে বিজ্ঞাপনী বোর্ডের ওপর দিয়ে লাফ দিয়ে পার হওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু বোর্ডের ঠিক পেছনেই যে স্টেডিয়ামের টানেলে নামার প্রবেশপথ রয়েছে, তা খেয়াল করেননি এই ডিফেন্ডার।

ফলে বোর্ড টপকাতেই ভারসাম্য হারিয়ে সোজা টানেলের গভীর গর্তে তলিয়ে যান তিনি। মুহূর্তের মধ্যে তিনি ক্যামেরার আড়ালে চলে গেলে মাঠে উপস্থিত খেলোয়াড় ও দর্শকরা হতবাক হয়ে পড়েন।

তবে নাটকের দ্বিতীয় পর্ব তখনও বাকি ছিল। টানেলের ধাক্কা সামলে ওঠার আগেই বিষয়টি ভিএআরে যাচাই করতে শুরু করেন রেফারি। পুনর্নিরীক্ষণ শেষে রেফারি জানিয়ে দেন, শট নেওয়ার মুহূর্তে অফসাইডে ছিলেন মারানহাও। ফলে তার সেই গোল বাতিল বলে গণ্য করা হয়। অর্থাৎ যে গোল উদযাপন করতে গিয়ে খাদের গভীরে পড়ে আঘাত পেলেন, দিনশেষে স্কোরবোর্ডে সেই গোলের কোনো অস্তিত্বই রইল না।

পরবর্তীতে ডান গোড়ালিতে বরফ জড়িয়ে তাকে ড্রেসিংরুমের বদলি বেঞ্চে বিষণ্ণ মনে বসে থাকতে দেখা যায়। যদিও ম্যাচ শেষে মারানহাও জানিয়েছেন, আঘাত পেলেও তিনি বর্তমানে শারীরিক দিক থেকে সুস্থ আছেন। ম্যাচে শেষ পর্যন্ত শাপেকোয়েন্সকে ২-১ গোলে হারিয়ে মাঠ ছাড়ে করিতিবা।

আরও পড়ুন

×