ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

প্রস্তুতি ম্যাচ দিয়ে শান্তদের বিচার করছেন না হেড

প্রস্তুতি ম্যাচ দিয়ে শান্তদের বিচার করছেন না হেড
×

ট্রাভিস হেড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ১১:৩৭

অস্ট্রেলীয় ওপেনার ট্রাভিস হেড প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে বিচার করতে নারাজ। বাঁহাতি এই মারকুটে ওপেনারের বিশ্বাস, প্রস্তুতি ম্যাচের বিশাল হারের কারণে সফরকারীদের হালকাভাবে নিলে ভুল করবে স্বাগতিকরা। আগামী বৃহস্পতিবার শুরু হওয়া প্রথম টেস্টে ঠিকই বাংলাদেশ জ্বলে ওঠার চেষ্টা করবে বলে মনে করছেন তিনি। 

ডারউইনে সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে মেহেদী মিরাজের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৬৩ রান করেছিল বাংলাদেশ। ৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৫৪ রানে গুটিয়ে যায় তারা। ইনিংস ও ৩৮ রানে হেরে যায় বাংলাদেশ। 

সোমবার অনুশীলনে নামার আগে গণমাধ্যমের সঙ্গে আলোচনায় ট্রাভিস হেড এ পারফরম্যান্সকে গুরুত্ব দিতে নারাজ। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের আসল পারফরম্যান্স দেখা যায়নি বলেই মনে করছেন তিনি, ‘প্রস্তুতি ম্যাচ এমনই হয়। জীবনে আমিও অনেক বাজে ম্যাচ খেলেছি। এ ধরনের (প্রস্তুতি) ম্যাচগুলোতে সব সময়ই একটা আলাদা চ্যালেঞ্জ থাকে, কারণ তখন আপনার মন অন্য কোথাও (মূল টেস্টে) পড়ে থাকে।’  

বাংলাদেশের প্রথম ইনিংসের প্রশংসাও করেছেন অস্ট্রেলিয়ান ওপেনার, ‘তারা প্রথম ইনিংসে ভালো করেছে। একজন সেঞ্চুরি করেছে এবং ২৭০-এর কাছাকাছি রান তুলেছে। কাজেই বাইরে থেকে তাদের জন্য ম্যাচের ফলাফল হতাশাজনক মনে হতে পারে। তারা আসলে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া (প্রথম টেস্ট) ম্যাচের দিকে মনোযোগী ছিল।’

আরও পড়ুন

×