ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে কে কোথায়

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে কে কোথায়
×

ফাইল ফটো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ১১:৪৬ | আপডেট: ১১ আগস্ট ২০২৬ | ১২:০৫

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান সাইকেলে এখন পর্যন্ত ২৭ সিরিজের মধ্যে ১৫টি শেষ হয়েছে। এর মধ্যে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। এরপর আছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। সবাইকে অবাক করে দিয়ে চতুর্থ স্থানটি দখলে রেখেছে বাংলাদেশ দল। পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল ২০২৭ সালে ওভালে (৯-১৩ জুন) টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে। 

চলমান সাইকেলে এখন পর্যন্ত বেশ ভালো করেছে বাংলাদেশ। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতে তারা চতুর্থ স্থানে উঠে এসেছে। বাংলাদেশ মোট চারটি টেস্ট খেলে দুটি জয়, একটি ড্র ও একটি হারে ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে সামনে তাদের কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। এর মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে দুই টেস্টের সিরিজটি শুরু হবে আগামী বৃহস্পতিবার। 

এরপর দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলতে যাবে তারা। এরপর ঘরের মাঠে উইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। তাই বাংলাদেশের জন্য এ অবস্থান ধরে রাখা বেশ কঠিন। আট টেস্টের মধ্যে সাতটি জিতে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। তারা ৯৬ পয়েন্টের মধ্যে মাত্র ১২ পয়েন্ট হারিয়েছে। তাদের এখনও ১৪ টেস্ট বাকি। এর মধ্যে আগামী বছরের শুরুতে ভারতের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ রয়েছে।

চার টেস্টের তিনটি জিতে দক্ষিণ আফ্রিকা আছে দুই নম্বরে। নিউজিল্যান্ড ছয় টেস্ট খেলে চারটিতে জিতেছে। এ সাইকেলে শক্তিশালী ভারত ৯ টেস্ট খেলে চারটি জিতেছে ও চারটি হেরেছে। ফাইনাল খেলতে হলে অবশিষ্ট ৯ টেস্টের মধ্যে অন্তত ছয়টিতে জিততে হবে তাদের।
 

আরও পড়ুন

×