ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ডারউইনের পিচ নিয়ে কৌতূহল

ডারউইনের পিচ নিয়ে কৌতূহল
×

ডারউইনের ইস্ট পয়েন্ট বিচে গতকাল সোমবার অ্যালেক্স ক্যারি, তাসকিন আহমেদ ও জ্যাক ওয়েদারল্ডকে নিয়ে ফটোসেশন ক্রিকেট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ১১:৫৫

বাংলাদেশের মতোই এ সময় আম-কাঁঠালের দারুণ ফলন হয় ডারউইনে। তাই বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে ক্রিকেট অস্ট্রেলিয়ার যে অফিসিয়াল ফটোসেশন, সেখানেও চোখে পড়ে এক ঝুড়ি আম! ডারউইনের ইস্ট পয়েন্ট বিচে গতকাল সোমবার অ্যালেক্স ক্যারি, তাসকিন আহমেদ আর জ্যাক ওয়েদারল্ডকে নিয়ে দারুণ একটি সেশন করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। 

দুই টেস্টের সিরিজ সামনে রেখে তাদের প্রচারণা এখন তুঙ্গে ডারউইনে। এমনিতে সিডনি, মেলবোর্ন, অ্যাডিলেডের মতো অস্ট্রেলিয়ার টেস্ট হটস্পট নয় এই ডারউইন। অস্ট্রেলিয়ার একেবারে উত্তর প্রান্তের নর্দান টেরিটরি প্রদেশের এই শহর থেকে মেলবোর্ন যতটা দূর, তার চেয়ে সিঙ্গাপুর বা মালয়েশিয়া কাছাকাছি। ডারউইনে এখন শুষ্ক মৌসুম, তাই কালেভদ্রে এখানে অস্ট্রেলিয়া দল খেলতে এলে ব্যাপক প্রচারণা চালায় তারা। 

এবারও বাংলাদেশকে ঘিরে সেই প্রচারণা তুঙ্গে। যেখানে তাসকিন আহমেদকে বাংলাদেশের মুখ বানিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেছে তারা। এদিন ডারউইনে স্থানীয় মিডিয়ার সামনে সংবাদ সম্মেলনে তাসকিনকে বলতে শোনা যায় ডারউইন টেস্টে তাঁর ও দলের পরিকল্পনার কথা, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে এখানে আসতে পেরে সত্যি সম্মানিত বোধ করছি। অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা দল, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাদের মাটিতে ও তাদের বিপক্ষে টেস্ট খেলা আমাদের সব ক্রিকেটারের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। নিশ্চিতভাবেই সিরিজটি আমাদের জন্য সহজ হবে না, তবে আমরা নিজেদের সেরাটা দিতে আশাবাদী।’

বৃহস্পতিবার প্রথম টেস্টে নামার আগে প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হার আর ৫৪ রানে অলআউট হওয়ার একটা অস্বস্তি কাজ করছে বাংলাদেশ দলের মধ্যে। যদিও সেই ম্যাচটি হয়েছিল মারারা মূল স্টেডিয়ামের বাইরের একটি মাঠে। সেখানে অপরিচিত পেসার ক্যাম্পবেল থম্পসন একাই তুলে নেন বাংলাদেশের ৮ উইকেট। তবে টেস্টটি খেলা হবে মূল মাঠে, যেখানে সপ্তাহ দুই আগেই মাত্র ড্রপইন পিচ বসিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান কিউরেটর জ্যাক পাভলিচ। 

এমনিতে প্রস্তুতি মাচে সুইং থাকলেও তেমন বাউন্স দেখা যায়নি। তাই ডারউইন টেস্টের পিচ নিয়ে ব্যাপক কৌতূহল আছে পেসার তাসকিন আহমেদের। ‘নির্দিষ্ট দিনে সবকিছু কন্ডিশন ও পিচের আচরণের ওপর নির্ভর করে। প্রত্যেক ব্যাটারের জন্য আমাদের অবশ্যই পরিকল্পনা থাকবে। তবে তা সম্পূর্ণভাবে নির্ভর করছে বাস্তবায়নের ওপর– মাঠে আমরা কীভাবে সেটি প্রয়োগ করছি, তার ওপর। আর এটি সত্য যে, অস্ট্রেলিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আমাদের দুর্দান্ত ক্রিকেট খেলতে হবে।’ অস্ট্রেলিয়ায় প্রথমবার টেস্ট খেলতে এলেও এই দেশে নতুন নন তাসকিন। এর আগে ২০১২ যুব বিশ্বকাপ, ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ আর সর্বশেষ ২০২২ সালের টি২০ বিশ্বকাপেও খেলে গেছেন তিনি। সেই সঙ্গে দুই দলের সর্বশেষ দেখায় ওয়ানডেতে বাংলাদেশ সিরিজ জিতেছে ঘরের মাঠে। 

সেই অনুপ্রেরণা সঙ্গে আছে তাসকিনের, ‘সবাই মিলে দারুণ একটা সিরিজ খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছিলাম। তাদের বিপক্ষে খেলতে আমাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে সেটি। হোম ও অ্যাওয়ে কন্ডিশনের মধ্যে বড় ব্যবধান থাকেই। দেখা যাক, কী হয়!’ ট্রাভিস হেডকে নিয়ে করা একটি প্রশ্নেরও উত্তর দিতে হয় এদিন তাঁকে, ‘কোনো সন্দেহ নেই যে ট্রাভিস হেড বিশ্বের সেরা ব্যাটারদের একজন। তবে শেষ পর্যন্ত এটি ব্যাট আর বলেরই খেলা। তাই আমি প্রসেস ফলো করে যাব, গত কয়েক বছরে যেভাবে করে আসছি। কাজটি সহজ হবে না, তবে এর চেয়ে বেশি তো কিছু করার নেই।’

তাসকিনের বিশ্বাস, প্রস্তুতি ম্যাচে যা হয়েছে, তা থেকে শিক্ষা নিয়ে টেস্টে ভালো কিছুই হবে। ‘হেরে যাওয়ার অনুভূতিটা মোটেও সুখকর ছিল না। তবে ক্রিকেটে এমনটা হতেই পারে। আমরা এখানকার কন্ডিশন ও উইকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছি।’ কোচ ফিল সিমন্স বলেছিলেন, হাতে পাওয়া তিন দিনের মধ্যে ভুল শুধরে নেবে তাঁর ছেলেরা, যার দুদিন এরই মধ্যে চলে গেছে; হাতে আছে আর মাত্র একটি দিন।

আরও পড়ুন

×