বিশ্বকাপ উপলক্ষে পুরস্কার পেলেন রবির চার ক্যাম্পেইনের ২৬ বিজয়ী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ২৩:৩১
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে গ্রাহকদের জন্য আয়োজিত চারটি বিশেষ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করেছে রবি আজিয়াটা পিএলসি। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে রবির প্রধান কার্যালয়ে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রবির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জিয়াদ সাতারা, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম এবং হেড অব মার্কেটিং মো. শওকত কাদের চৌধুরীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ২৬ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ‘মাই রবি অ্যাপে বিশ্বকাপ অন, আপনি হবেন চ্যাম্পিয়ন’ স্লোগানকে সামনে রেখে লাইভ খেলা দেখানোর পাশাপাশি ডিজিটাল ও নন-ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন গ্রাহকসম্পৃক্ততামূলক ক্যাম্পেইন পরিচালনা করে। পাশাপাশি ছিল বিশ্বকাপভিত্তিক বিভিন্ন প্রোডাক্ট ক্যাম্পেইন।
অনুষ্ঠানে জিয়াদ সাতারা বলেন, ফুটবল বিশ্বকাপকে ঘিরে আমাদের ক্যাম্পেইনগুলোর লক্ষ্য ছিল গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় ও আনন্দময় অভিজ্ঞতা তৈরি করা। অংশগ্রহণকারীদের বিপুল সাড়া ও উৎসাহ আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও উদ্ভাবনী ডিজিটাল উদ্যোগ ও গ্রাহকসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে আরও মূল্যবান অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
‘কুইজমাস্টার’ ক্যাম্পেইনে গ্রাহকেরা বিশ্বকাপ চলাকালে প্রতিদিন মাই রবি অ্যাপে ফুটবলভিত্তিক কুইজে অংশ নেন। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারীদের মধ্য থেকে লিডারবোর্ডের ভিত্তিতে ১১ জন বিজয়ী নির্বাচিত হন।
‘স্ন্যাপ উইথ গ্রাফিটি’ ক্যাম্পেইনে সারাদেশে রবির বিশ্বকাপ গ্রাফিতির সামনে ছবি তুলে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান গ্রাহকেরা। ছবিতে পাওয়া রিঅ্যাকশন ও জনপ্রিয়তার ভিত্তিতে ১১ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
এ ছাড়া ‘কে হবেন ফুটবলের অক্টোপাস?’ চ্যালেঞ্জে অংশগ্রহণকারীরা বিশ্বকাপের চ্যাম্পিয়ন, গোল্ডেন বুট ও গোল্ডেন বল বিজয়ী সম্পর্কে পূর্বাভাস দেন। সঠিক পূর্বাভাস ও সময় বিবেচনায় তিনজন বিজয়ী নির্বাচিত হন।
অন্যদিকে ‘মান্থলি প্যাক বিশ্বকাপ ক্যাম্পেইন’-এর আওতায় নির্ধারিত প্যাকেজ কিনে গ্রাহকেরা তাঁদের পছন্দের দল নির্বাচন করেন। বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনকে নির্বাচনকারী গ্রাহকদের মধ্য থেকে একজন গ্র্যান্ড প্রাইজ বিজয়ী নির্বাচিত হন। তিনি ক্যাম্পেইনের সর্বোচ্চ পুরস্কার হিসেবে একটি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল জিতে নেন।
চারটি ক্যাম্পেইনে মোট ২৬ জন বিজয়ী পুরস্কৃত হয়েছেন। এর মধ্যে কুইজমাস্টারে ১১ জন, ‘স্ন্যাপ উইথ গ্রাফিটি’ ক্যাম্পেইনে ১১ জন, ‘কে হবেন ফুটবলের অক্টোপাস?’ চ্যালেঞ্জে ৩ জন এবং ‘মান্থলি প্যাক বিশ্বকাপ ক্যাম্পেইন’-এ ১ জন গ্র্যান্ড প্রাইজ বিজয়ী রয়েছেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীরা তাঁদের পরিবারের একজন সদস্যকে সঙ্গে নিয়ে অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- বিশ্বকাপ ফুটবল
- রবি
- ক্যাম্পেইন