ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬

এশিয়ার মঞ্চে ফর্টিসের ইতিহাস

এশিয়ার মঞ্চে ফর্টিসের ইতিহাস
×

গোলদাতা মোহাম্মদ ইব্রাহিমকে ঘিরে ফর্টিস এফসি সতীর্থদের উদযাপন

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ১৩:৩৭

ম্যাচের শুরুতে একাদশে ফর্টিস এফসিতে আট বিদেশি। স্থানীয় তিন ফুটবলারের সঙ্গে দারুণ সমন্বয়ে এই বিদেশিরা আলো ছড়ান। তবে বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিসের ঐতিহাসিক সাফল্যের কারিগর কোনো বিদেশি নন, দেশীয় ফুটবলার। ঢাকা আবাহনী লিমিটেড থেকে ধারে আনা মোহাম্মদ ইব্রাহিমের গোলে নতুন আলোয় উদ্ভাসিত হয়েছে বাংলাদেশের ক্লাব ফর্টিস এফসি। গতকাল মঙ্গলবার এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে কিরগিজস্তানের লিগ রানার্সআপ মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বে ওঠে ইতিহাস গড়েছে মাসুদ পারভেজ কায়সারের দল। প্রথমবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বাজিমাত করেছে করপোরেট এ ক্লাবটি।

অথচ এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে খেলারই কথা ছিল না ফর্টিস এফসির। বাংলাদেশ ফুটবল লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ আবাহনী লিমিটেডের ওপর ফিফার নিষেধাজ্ঞা থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে এএফসি ক্লাব লাইসেন্সিং করতে পারেনি। তাতে সুযোগ মেলে লিগে তৃতীয় হওয়া ফর্টিসের। হঠাৎ পাওয়া সুযোগটা কাজে লাগিয়ে ফর্টিস এফসি দেখিয়েছে পেশাদারিত্ব। এই একটি ম্যাচের জন্য এক মাসেরও বেশি সময় ধরে প্রস্তুতি নেয় ক্লাবটি। ঘরোয়া লিগের অন্যান্য ক্লাব থেকে ফুটবলার এনে দলের শক্তি বাড়ায়। পরিশ্রমের ফলটাও পেয়ে যায় ফর্টিস। গতকাল তারা হারিয়েছে এএফসি চ্যালেঞ্জ লিগের গত আসরের সেমিফাইনালিস্ট মুরাস ইউনাইটেডকে।

শুধু মাঠেই নয়, এই ম্যাচের জন্য মাঠের বাইরেও কৌশল অবলম্বন করে ফর্টিস এফসি। কিরগিজস্তান ঠান্ডাপ্রধান দেশ। তাই ম্যাচটি সন্ধ্যার পরিবর্তে বিকেল ৩টায় আয়োজন করে ফর্টিস। তীব্র গরমে মুরাস ইউনাইটেড তাদের স্বাভাবিক খেলা খেলতে পারেনি। পাশাপাশি ফর্টিস খেলেছে পরিকল্পিত ফুটবল। প্রথমার্ধে দুদলের কেউই গোল করতে পারেনি। বল দখল এবং আক্রমণে এই অর্ধে সমতায় ছিল দুদল। এদিন ম্যাচের ১২ মিনিটে দারুণ সুযোগ পায় স্বাগতিকরা। বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে ওঠা মোহাম্মদ ইব্রাহিম দারুণ থ্রু পাস বাড়ান স্টিফেন চুকউডকে। ডান দিক ফাঁকায় থাকায় এই নাইজেরিয়ান তালগোল পাকিয়ে বলের নিয়ন্ত্রণই নিতে পারেননি। ২১ মিনিটে পা ওমার বাবু বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন। দ্রুত গোলকিপার কাছের পোস্ট আগলে দাঁড়ালে শট নেওয়ার জায়গা সংকুচিত হয়ে যায়। ওমারের শট গোলকিপারকে ফাঁকি দিলেও পোস্টে লেগে ফেরে। ৩০তম মিনিটে ওমারের শট পোস্টের অনেক ওপর দিয়ে যায়। 

বিরতির পর খেলায় গতি বাড়ে। তবে সফল হয়েছে ফর্টিস এফসি। ৫২ মিনিটে গাম্বিয়ান পা ওমরের বাড়ানো বলে ইব্রাহিম বক্সের মধ্যে বল পান। ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে জোরালো শটে গোল করেন। এক বছর আগে ইব্রাহিম আবাহনীর জার্সিতে মুরাসের বিপক্ষে হেরেছিলেন। এক বছর পর তাঁর গোলে ফর্টিস মুরাসকে হারাল। একটু পরই ইসা জালোর শট গ্লাভসের টোকায় কোনোমতে ক্রসবারের ওপর দিয়ে বের করে দেন মুরাস গোলকিপার। ৭৪ মিনিটে গোল পরিশোধের সুযোগ আসে মুরাসের সামনে। বক্সের মধ্যে ফর্টিসের নেপালি খেলোয়াড় এরিক বিস্তার হাতে বল লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। আতাবায়েভ এরবোলের শটে ফর্টিস গোলরক্ষক সুজন পেরেইরাকে ফাঁকি দিলেও বল পোস্টে লেগে ফেরে। হতাশায় মুখ লুকান উজবেকিস্তানের মিডফিল্ডার। ম্যাচের বাকি সময় মুরাস সমতা আনার চেষ্টা করলেও ফর্টিসের লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা ও ডিফেন্ডারদের জন্য আর গোল পায়নি সফরকারীরা।

আরও পড়ুন

×