ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

পেলের স্মৃতিময় নিউইয়র্ক কসমসে শমিত সোম

পেলের স্মৃতিময় নিউইয়র্ক কসমসে শমিত সোম
×

ছবি- নিউইয়র্ক কসমস

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ০৯:৫১

সত্তরের দশকে নিউইয়র্ক কসমসের জার্সিতে মাঠ কাঁপিয়েছিলেন ফুটবলের রাজা পেলে। ১৯৭৫-৭৬ সাল পর্যন্ত পেলের সঙ্গে জুটি বেঁধে এই ক্লাবের হয়ে আলো ছড়িয়েছিলেন কাইজারখ্যাত জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। পেলের মতো মহাতারকার স্মৃতিধন্য সেই ক্লাবে এবার যোগ দিচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার শমিত সোম। ২৭ বছর বয়সী কানাডাপ্রবাসী এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তির বিষয়টি বুধবার নিজেদের ফেসবুক পেজে নিশ্চিত করেছে নিউইয়র্ক কসমস।

কানাডাতে বেড়ে ওঠা শমিত সোম সেখানকার বেশ কয়েকটি ক্লাবের জার্সি গায়ে জড়িয়েছেন। এডমন্টন, মন্ট্রিয়ল ইমপ্যাক্ট, ফর্জের হয়ে মাঠ মাতিয়েছিলেন তিনি। ২০২৩ সালে যোগ দেন ক্যাভালরি ফুটবল ক্লাবে। কানাডার পেশাদার এই ক্লাবের হয়ে ৬২ ম্যাচ খেলেছিলেন শমিত। গোল না পেলেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ক্লাবটিতে নিজের ছাপ রেখেছিলেন বাংলাদেশের এই তারকা। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ওঠে, শমিত নতুন ক্লাবে যাচ্ছেন। এরই মধ্যে খবর আসে, কানাডার ক্লাব ক্যাভালরির সঙ্গে তিন বছরের পাট চুকিয়েছেন এ মিডফিল্ডার। নতুন করে ক্লাবের সন্ধানে নামেন তিনি। যুক্তরাষ্ট্রের তৃতীয় স্তরের ক্লাব নিউইয়র্ক কসমসে যোগ দিয়েছেন শমিত সোম।

যুক্তরাষ্ট্রের ফুটবল ইতিহাসের অন্যতম ঐতিহ্যবাহী ও বিখ্যাত পেশাদার ফুটবল ক্লাব হলো নিউইয়র্ক কসমস। নতুন মালিকানায় ২০২৬ মৌসুম থেকে যুক্তরাষ্ট্রের তৃতীয় স্তরের লিগে খেলছে দলটি। ক্লাবটি নিউ জার্সির প্যাটারসনে অবস্থিত ঐতিহাসিক হিঞ্চলিফ স্টেডিয়ামকে তাদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করছে। সত্তরের দশকে ফুটবলসম্রাট পেলে ও জার্মানির কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের মতো বিশ্বখ্যাত তারকাদের উপস্থিতির কারণে ক্লাবটি বিশ্বজুড়ে বিপুল পরিচিতি লাভ করে।

নিউইয়র্ক কসমস ক্লাবটি তার যাত্রাপথে তিনটি ভিন্ন অধ্যায় বা সংস্করণের মধ্য দিয়ে গেছে। ১৯৭১ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত উত্তর আমেরিকান সকার লিগে এই দলটির স্বর্ণযুগ ছিল। ১৯৭৫-১৯৭৭ সাল পর্যন্ত ব্রাজিলিয়ান কিংবদন্তি এই ক্লাবে খেলেন এবং পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন এখানেই। কিন্তু নানা কারণে ক্লাবটি হারিয়ে যায়। দীর্ঘ বিরতির পর ২০১৩ সালে ক্লাবটি পুনরুজ্জীবিত হয় এবং নতুন ঘরোয়া লিগে স্পেন কিংবদন্তি রাউল গঞ্জালেসের মতো তারকাদের নিয়ে জিতেছিল তিনটি লিগ শিরোপা। পরে কভিড-১৯ মহামারিসহ বিভিন্ন কারণে ২০২০ সালের পর ক্লাবটির কার্যক্রম আবার স্থগিত হয়ে যায়। সম্পূর্ণ নতুন রূপে ২০২৬ সালে কসমস ব্র্যান্ডটি আবার মাঠে ফেরে। বর্তমানে রিয়েল এস্টেট ডেভেলপার বায়ে আডোফো-উইলসন ক্লাবটির মূল মালিকানায় রয়েছেন এবং ইতালির সাবেক তারকা জিউসেপ্পে রসি ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

কানাডার হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলার পর গত বছর বাংলাদেশি নাগরিকত্ব গ্রহণ করে লাল-সবুজের জার্সিতে খেলার সিদ্ধান্ত নেন শমিত। গত বছরের জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের হয়ে তাঁর অভিষেক হয়। এরপর হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলের হারের ম্যাচে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোলটিও পেয়ে যান এই প্রতিভাবান মিডফিল্ডার।

আরও পড়ুন

×