ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

‘প্রযুক্তিই আমাকে বাঁচিয়েছে’, স্বীকারোক্তি স্মিথের

‘প্রযুক্তিই আমাকে বাঁচিয়েছে’, স্বীকারোক্তি স্মিথের
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ১৫:২৮ | আপডেট: ১৩ আগস্ট ২০২৬ | ১৬:০৭

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ২১তম ওভারের ঘটনা। বাংলাদেশের পেসার এবাদত হোসেনের ডেলিভারি অফ স্টাম্পের বাইরে স্মিথের ব্যাটের খুব কাছ দিয়ে জমা পড়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। ক্যাচের আবেদনের সঙ্গে উদ্‌যাপনেও মেতে ওঠেন বাংলাদেশের ফিল্ডাররা। কিন্তু আম্পায়ার কুমার ধর্মসেনা আউট দেননি।

দ্রুত রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। এই রিভিউ নেওয়ার প্রক্রিয়া শুরু হতেই ড্রেসিং ড্রেসিংরুমের পথে হাঁটা শুরু করেন স্মিথ। তখন তিনি ৭ রানে অপরাজিত। বল ব্যাটে লাগার পরও রিয়েল-টাইম স্নিকোতে কোনো স্পষ্ট শব্দ ধরা না পড়ায় তৃতীয় আম্পায়ার তাকে আউট দেননি। সেই ঘটনার পর অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার নিজেই স্বীকার করেছেন, তিনি আউট ছিলেন এবং প্রযুক্তিই তাকে বাঁচিয়েছে। দিনের খেলা শেষে স্মিথ বলেন, ‘আজ প্রযুক্তিই আমাকে বাঁচিয়েছে।’

এরপর সেই জীবন কাজে লাগিয়ে ৭১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন স্মিথ। তার ব্যাটেই মূলত দুইশ রানের কাছাকাছি যেতে পেরেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের পেসারদের প্রশংসা করে স্মিথ জানান, প্রথম সেশনে ব্যাটিং করা মোটেও সহজ ছিল না। তার মতে, উইকেটে খুব বেশি গতি ছিল না, পাশাপাশি কিছুটা আঠালোভাব ও সিম মুভমেন্টও ছিল।

স্মিথের মতে, দীর্ঘ বিরতির পর টেস্ট ক্রিকেটে ফিরেও কিছুটা জড়তা ছিল অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে। তিনি বলেন, ‘আট মাস টেস্ট খেলিনি। মাঝে মাঝে ছন্দে ফিরতে কিছুটা সময় লাগতে পারে।’

উইকেটের আচরণ নিয়েও কথা বলেছেন তিনি। স্মিথ জানান, ম্যাচের আগের দিন উইকেট শক্ত মনে হলেও ম্যাচের সকালে শিশিরের কারণে সেটি তুলনামূলক নরম মনে হয়েছে। তার আশা, দ্বিতীয় দিন সকালেও উইকেটে একই ধরনের আচরণ থাকবে এবং বল কিছুটা বেশি নড়াচড়া করবে। ‘গতকাল বোলাররা উইকেট দেখে বলেছিল, এটা বেশ শক্ত। কিন্তু আজ সকালে যখন শিশির ছিল, তখন উইকেটটা কিছুটা নরম মনে হয়েছে। আশা করি কালও এমন থাকবে এবং সকালে বল একটু বেশি কথা বলবে,’ বলেন স্মিথ।

ডারউইনে প্রথম দিনেই ১৯৮ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। হাসান মাহমুদের ৬ উইকেটের সঙ্গে তাসকিন আহমেদ ও এবাদত হোসেনের দুটি করে উইকেট পান। তবে দিন শেষে বাংলাদেশের অবস্থানই তুলনামূলকভাবে ভালো। ১৯৮ রানে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ ১ উইকেটে ৯৬ রানে। ফলে দ্বিতীয় দিনে ব্যাট হাতে আরও বড় সংগ্রহ গড়ার লক্ষ্য থাকবে সফরকারীদের।

আরও পড়ুন

×