সব উইকেটই বিশেষ, তবে স্মিথেরটা আলাদা: হাসান
হাসান মাহমুদ। ছবি- ভিডিও থেকে নেওয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ১৫:৪১
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম দিনটা স্বপ্নের মতো কেটেছে হাসান মাহমুদের। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৫৫ রানে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার অন্যতম নায়ক এই পেসার। নিজের নেওয়া প্রতিটি উইকেটকেই বিশেষ বললেও স্টিভেন স্মিথের উইকেটটিকে একটু আলাদা করে দেখছেন হাসান।
অস্ট্রেলিয়ার ইনিংসের শেষ দিকে ৬ উইকেট হারানোর পরও নিজের পরিকল্পনা থেকে সরে যাননি হাসান। লেংথে সামান্য পরিবর্তন এনে স্মিথকে বাউন্সারে পরীক্ষা করেন তিনি। সেই ফাঁদেই পড়েন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার। পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ৭১ রান করা স্মিথ।
দিন শেষে নিজের বোলিং নিয়ে হাসান বলেন, ‘আমার কাছে সবকটি উইকেটই বিশেষ। পাঁচটি না হলে তো আর পাঁচ উইকেটের সাফল্য হয় না। তবে সকাল থেকে দলের যে শক্তি ছিল এবং সবাই মিলে মাঠে যে চেষ্টা করেছে, এই কৃতিত্ব অবশ্যই আমার সতীর্থদের দিতে চাই।’
তবে স্মিথের উইকেট নিয়ে আলাদাভাবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের অধিনায়ক যেভাবে মাঠের মধ্যে সমর্থন দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবেই শেষ করতে পেরেছি। আলাদা করে বলতে গেলে অবশ্য স্টিভ স্মিথের উইকেটটির কথা বলব। স্মিথ বুঝতে পারছিল না। আমার মনে হচ্ছিল, সে কিছু একটা করতে যাবে। তখন আমি একটা বাউন্সার দিয়েছিলাম এবং সে সেটা মিস করেছে।’
হাসানের ৬ উইকেটের পর প্রথম দিন শেষে ব্যাট হাতেও ভালো অবস্থানে বাংলাদেশ। ১ উইকেটে ৯৬ রান নিয়ে দিন শেষ করেছে সফরকারীরা।
- বিষয় :
- হাসান মাহমুদ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া