অস্ট্রেলিয়ার এমন হতাশা আগে দেখেননি গিলক্রিস্ট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ১৩:১৪
ক্রিকেটে অদ্ভুত অনেক ঘটনাই দেখা যায়। তবে ডারউইনে বাংলাদেশের বিপক্ষে টেস্টে ট্রাভিস হেড যা করেছেন, নিজের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে এমন দৃশ্য কখনো দেখেননি বলে জানালেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট। বাংলাদেশের পেসার হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে হতাশায় নিজ হাতেই স্টাম্পের বেল তুলে আবার সেটি জায়গামতো বসিয়ে দেন হেড।
ডারউইন টেস্টের দ্বিতীয় ইনিংসে হাসান মাহমুদের গুড লেংথের বলটি অফ স্টাম্পের বাইরে থেকে বেরিয়ে যাচ্ছিল। কাট করতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় বল লাগিয়ে ফেলেন হেড। বল সোজা গিয়ে আঘাত করে স্টাম্পে। ৩৫ বলে ১৭ রান করে বোল্ড হন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ওপেনার। প্রথম ইনিংসেও হেডকে বোল্ড করেছিলেন হাসান।
উইকেট হারানোর পর কিছুক্ষণ ক্রিজে দাঁড়িয়ে ছিলেন হেড। এরপর ড্রেসিংরুমের পথে হাঁটার আগে উল্টো ঘুরে মাটিতে পড়ে থাকা স্টাম্পের বেল নিজ হাতে তুলে আবার স্টাম্পের ওপর বসিয়ে দেন। ক্রিকেট মাঠে সচরাচর এমন দৃশ্য দেখা যায় না বললেই চলে।
ধারাভাষ্যকারের ভূমিকায় থাকা গিলক্রিস্টও বিষয়টি দেখে বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমার পুরো ক্রিকেট জীবনে এমনটা কখনো দেখিনি। একজন ব্যাটার এতটাই হতাশ, যে সে ঘুরে দাঁড়িয়ে আবার স্টাম্পগুলো ঠিক করে দিচ্ছেন।’
"I've never seen that in all my cricketing career."
— cricket.com.au (@cricketcomau) August 15, 2026
Travis Head chopped on for a second time in this match, but his considerate move even caught Adam Gilchrist off guard. #AUSvBAN pic.twitter.com/LEKgbtbshq
অবশ্য সেই মুহূর্তে হাসানের বোলিংয়েরও প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই উইকেটকিপার-ব্যাটার। তার ভাষায়, ‘দারুণ! হাসান মাহমুদ আবারও কাজটি করে দেখালেন। এটি অসাধারণ।’