বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ গিলেস্পি, মিস করছেন নাহিদকে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ১৫:১৯
২৩ বছরের অপেক্ষা শেষে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। দুই যুগেরও বেশি সময় পর সেই অস্ট্রেলিয়াতেই এবার স্বাগতিকদের ব্যাটিংকে কাঁপিয়ে দিয়েছেন বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেনের দাপুটে বোলিংয়ে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ১৯৮ রানেই গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশের পেসারদের এমন পারফরম্যান্স মুগ্ধ করেছে অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিকে। খেলোয়াড়ি জীবনে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নামা এই কিংবদন্তি এবার প্রশংসায় ভাসালেন টাইগার পেস আক্রমণকে। তবে এই আক্রমণে নাহিদ রানা না থাকায় কিছুটা আক্ষেপও আছে তার।
ডারউইন টেস্টে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাসানের বোলিংয়ের প্রশংসা করে গিলেস্পি বলেন, ‘হাসান মাহমুদ ৫৫ রানে ৬ উইকেট নিয়েছে, যা অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের লড়াইয়ে যেকোনো বোলারের সেরা পরিসংখ্যান। এটা তার জন্য একটা দারুণ অর্জন এবং সে এটার যোগ্য ছিল। কারণ সে সত্যিই খুব ভালো বল করেছে। পাশাপাশি অন্য পেসাররাও ভালো করেছে।’
বাংলাদেশের পুরো পেস আক্রমণ নিয়েই মুগ্ধ গিলেস্পি। তিনি বলেন, ‘বাংলাদেশের সবাই আমাকে মুগ্ধ করেছে। হাসান তো ভালো করেছেই, ইবাদত এবং তাসকিনও খুব ভালো বল করেছে। পেসাররাই অস্ট্রেলিয়াকে ২০০ রানের নিচে অল আউট করতে বেশি কার্যকর ছিল। আমার মনে হয় তারা দারুণ করেছে।’
তবে বাংলাদেশের এই পেস আক্রমণে নাহিদ রানাকে দেখতে না পাওয়ার আক্ষেপ গিলেস্পির কণ্ঠে স্পষ্ট। সাইড স্ট্রেনের চোটে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে যান নাহিদ। তরুণ এই পেসারকে দ্রুত মাঠে দেখতে চান গিলেস্পি। নাহিদকে নিয়ে তিনি বলেন, ‘নাহিদ রানা কি পরের টেস্টের জন্য ফিট আছে? সে কি স্কোয়াডে ফিরেছে? আমি তাকে পিএসএলে দেখেছিলাম, সে বেশ গতি এবং আগ্রাসন নিয়ে বল করে। সে বেশ লম্বা একজন ফাস্ট বোলার। তাকে এখানে দেখাটা দারুণ হতো, তবে আশা করি সে দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশের হয়ে আবার খেলবে।’
বাংলাদেশের পেস বোলিংয়ে সাম্প্রতিক উন্নতির পেছনে গিলেস্পি সবচেয়ে বড় ইতিবাচক দিক হিসেবে দেখছেন গভীরতাকে। তার ভাষায়, ‘বর্তমান বাংলাদেশের পেসারদের মধ্যে যেটা ভালো দিক তা হলো গভীরতা। বাংলাদেশ কেবল একজন বা দুইজন বোলারের ওপর নির্ভর করতে চায় না। আমার মনে হয়, বাংলাদেশের কোচিং স্টাফরা অনেকগুলো পেসার তৈরি করতে চায় যারা সব ফরম্যাটে খেলতে পারবে। এই গভীরতা তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ।’
ডারউইনে দুই দলের টেস্ট সিরিজ শেষ হওয়ার পর ভবিষ্যতে বাংলাদেশকে অস্ট্রেলিয়ার মাটিতে নিয়মিত দেখতে চান গিলেস্পি। ২৩ বছরের দীর্ঘ বিরতিকেও তিনি গ্রহণযোগ্য মনে করছেন না। গিলেস্পি বলেন, ‘ডারউইনে দুই টেস্টের মাঝে ২৩ বছরের ব্যবধান অনেক বেশি। আমার কাছে এটা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের এখানে নিয়মিত আসা উচিত। বাংলাদেশের সবাই নিশ্চয়ই মেলবোর্ন, সিডনি বা অ্যাডিলেডের মতো বড় মাঠে খেলতে চাইবে। আশা করি ভবিষ্যতে এমন কিছু হবে।’
- বিষয় :
- জেসন গিলেস্পি
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া