মাঠের উত্তাপের পর মিরাজকে যা বললেন স্টার্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ১৬:০৬
ডারউইন টেস্টের দ্বিতীয় দিন উইকেটের মাঝ দিয়ে দৌড়ানো নিয়ে মিচেল স্টার্কের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল মেহেদী হাসান মিরাজের। তৃতীয় দিন শেষে সেই ঘটনা নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। তার দাবি, পরে স্টার্ক নিজেই বিষয়টি নিয়ে কথা বলে নিজের ভুল স্বীকার করেছেন।
বাংলাদেশের প্রথম ইনিংসে স্টার্কের করা ২১তম ওভারের পঞ্চম বলে পয়েন্টের দিকে বল ঠেলে রান নিতে ছুটেছিলেন মিরাজ। রান নেওয়ার সময় পিচের মাঝের সুরক্ষিত অংশ এড়িয়ে চলার নিয়ম থাকলেও বলের দিকে তাকিয়ে থাকায় স্টার্কের প্রায় মুখোমুখি হয়ে যান তিনি। পরে পিচের মাঝ দিয়েই দৌড়ান মিরাজ। বিষয়টি আম্পায়ার কুমার ধর্মসেনার নজরেও পড়ে।
এ সময় মিরাজকে সতর্ক করেন ধর্মসেনা। অন্যদিকে স্টার্কও মিরাজকে তার ফলো-থ্রুর জায়গা থেকে সরে যেতে বলেন। পাল্টা মিরাজ জানান, বলের দিকে তাকিয়ে থাকায় সামনে স্টার্ককে তিনি দেখতে পাননি। পরে স্টার্ককে বলতে শোনা যায়, ‘তুমি কিন্তু আর বাংলাদেশে নেই এখন, বুঝেছ?’
তবে মাঠের সেই উত্তেজনা আর থাকেনি। মিরাজ জানান, পরদিন সকালে স্টার্ক তার সঙ্গে কথা বলেছেন। এ নিয়ে মিরাজ বলেন, ‘গতকাল ওই রকম কোনো কিছু হয়নি। শুধু ব্যাটিং করার পর সামনে চলে এসেছিল, আমিও আবার বলটা দেখতে পারিনি। তো উইকেটের ভেতর থেকে রানটা নিয়েছিলাম। তবে এটা ক্রিকেট খেলার মাঠে হতে পারে। আর আজ সকালে ও আমার সঙ্গে কথা বলেছে এবং গতকাল যা হয়েছে, ও বলেছে, ‘না, ঠিক আছে। এটা আমারও ভুল হয়েছে। তবে ঠিক আছে, সব ঠিক আছে।’’