জয়ের পর প্রধানমন্ত্রী কী বললেন, জানালেন শান্ত
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ১৪:৪৩ | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ | ১৪:৪৪
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নেমে ৯ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়। এমন সাফল্যের পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু অভিনন্দন জানিয়েই থামেননি, দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথাও বলেছেন তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে সেই কথোপকথনের বিষয়টি জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের ম্যানেজার নাফিস ইকবালের ফোনে ভিডিও কলে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন তারেক রহমান।
শান্ত বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। আমাদের অভিনন্দন জানিয়েছেন। আমাদের শরীরের কী অবস্থা, ওটারও খোঁজখবর রেখেছেন যে আমরা ভালো আছি কি না।’
প্রধানমন্ত্রীর পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, স্বরাষ্ট্রমন্ত্রীসহ আরও অনেকে দলকে অভিনন্দন জানিয়েছেন বলেও জানান শান্ত।
তিনি বলেন, ‘আমাদের বোর্ড সভাপতি ফোন করেছেন, অভিনন্দন জানিয়েছেন, উনি অনেক খুশি। পাশাপাশি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও ফোন করেছিলেন, উনার সঙ্গে কথা হয়েছে। অভিনন্দন জানিয়েছেন।’
এর আগে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের জয়কে দেশের ক্রিকেটের জন্য গৌরবের বলে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। দলের খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে।’
প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, পরের টেস্টেও বাংলাদেশ ভালো খেলবে এবং সিরিজ জয়ের এই সম্ভাবনাকে সাফল্যে রূপ দেবে।