ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ডারউইনের স্টাম্প মাইকে ধরা পড়ল স্মিথ-লিটনের কথার লড়াই

ডারউইনের স্টাম্প মাইকে ধরা পড়ল স্মিথ-লিটনের কথার লড়াই
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ | ১৬:২৭

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পথে বাংলাদেশ যে মানসিকভাবে কতটা দৃঢ় ছিল, ডারউইন টেস্টের তৃতীয় দিনের একটি ঘটনাতেই যেন তার প্রমাণ মিলেছে। স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়েছে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ ও বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের কথার লড়াই।

ঘটনাটি ঘটে তাইজুল ইসলামের একটি বলকে ঘিরে। লেগ সাইডে যাওয়া বলটি লিটনের গ্লাভসে জমা পড়ার পর আউটের আবেদন করেন তিনি। তবে আম্পায়ার তাতে সাড়া দেননি। বাংলাদেশ তখন রিভিউ নেবে কি না, সেটি নিয়ে আলোচনা করছিল।

ঠিক তখনই স্মিথকে রিভিউ নেওয়ার ব্যাপারে বাংলাদেশকে খোঁচা দিতে শোনা যায়। স্টাম্প মাইকে অস্ট্রেলিয়ান ব্যাটারের কণ্ঠ ভেসে আসে, ‘নিয়ে নাও। যাও, রিভিউ নাও। ব্যবহার করো। আরেকটা রিভিউ নষ্ট করো। যা খুশি করো।’

শেষ পর্যন্ত বাংলাদেশ রিভিউ নেয়নি। এরপর স্মিথকে উদ্দেশ করে লিটনের সংক্ষিপ্ত জবাব, ‘তুমি ব্যাট করো। শুধু ব্যাট করো।’ স্মিথও পাল্টা বলেন, ‘আমি ব্যাট করছি।’ লিটন আবারও বলেন, ‘শুধু ব্যাট করো।’ এবার স্মিথ কিছুটা জোরালো সুরে স্মিথ জবাব দেন, ‘না, আমি যা চাই তা-ই করব, আমি যা চাই তা করতে পারি।’

কথার লড়াইয়ে শেষ কথা হয়তো স্মিথই বলেছিলেন। কিন্তু মাঠের লড়াইয়ের শেষ হাসি ছিল বাংলাদেশের। কিছুক্ষণ পরই মেহেদী হাসান মিরাজের বলে ৮৮ বলে ৪৪ রান করে আউট হন স্মিথ। তার বিদায়ের পর অস্ট্রেলিয়ার ইনিংসও আর বেশিদূর এগোয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশের সামনে মাত্র ৫৭ রানের লক্ষ্য দাঁড় করাতে পারে স্বাগতিকরা। সেই লক্ষ্য ৯ উইকেট হাতে রেখেই পেরিয়ে গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় তুলে নেয় বাংলাদেশ।

লিটন ও স্মিথের এই ছোট্ট কথার লড়াইকে বাংলাদেশের আত্মবিশ্বাসী মানসিকতার প্রতিফলন হিসেবে দেখেছেন ফক্স ক্রিকেটের ধারাভাষ্যকার ব্রেন্ডন জুলিয়ান। সাবেক অস্ট্রেলিয়ান পেসার বলেন, ‘বাংলাদেশ লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। ছোট্ট একটা বাগ্‌বিতণ্ডা হয়েছিল। আমার মনে হয়, স্টিভ স্মিথ একটু বাগ্‌যুদ্ধ করে খেলার মধ্যে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিলেন।’

অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নারও লিটনের দৃঢ়তার প্রশংসা করেছেন। তার ভাষায়, ‘লিটন স্মিথের সঙ্গে ওই ছোট্ট কথার লড়াইয়ে জড়িয়ে পড়ার পর পুরো ইনিংসে তারা আর চুপ থাকেননি। এটা অবিশ্বাস্য। নিজেদের ওপর বিশ্বাসটা ছিল তাদের, ক্ষুধার্ত ছিল।’

দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়া বাংলাদেশ ম্যাকাইয়ে আগামী শনিবার দ্বিতীয় টেস্ট খেলতে নামবে।

আরও পড়ুন

×