ফুটবল মৌসুম পেছানোর দাবি ক্লাবগুলোর
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ১৩:৫৪
বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর দুই দফা বাড়ানো হয়েছে ক্লাব লাইসেন্সিং করার সময়। ১৯ আগস্টের মধ্যে লাইসেন্সিং করতে হবে। কিন্তু এখন পর্যন্ত ফিফা কর্তৃক নিষেধাজ্ঞা ওঠাতে পারেনি দেশের বড় দুটি ক্লাব। নতুন মৌসুম শুরু নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় গতকাল সোমবার ১৩ ক্লাবের প্রতিনিধি নিয়ে মিটিং করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। সেই সভাতে ফর্টিস ফুটবল ক্লাব ও বাংলাদেশ পুলিশ এফসি ছাড়া বাকি ক্লাবগুলো মৌসুম পেছানোর দাবি তুলেছে। এর পেছনে তাদের যুক্তি– অনুশীলন শুরু করা যায়নি এবং আবাহনী ও বসুন্ধরার নিষেধাজ্ঞা ওঠেনি। ক্লাবগুলোর পক্ষে-বিপক্ষে মতামত শোনা তাবিথ অবশ্য বলেছেন নির্দিষ্ট সময়েই মৌসুম শুরুর কথা।
এএফসি চ্যালেঞ্জ লিগে খেলা থাকায় অনেক আগেই প্রস্তুতি শুরু করেছে ফর্টিস ফুটবল ক্লাব ও পুলিশ এফসি। মৌসুম শুরুর সময় পেছালে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে তারা। কারণ ক্লাব দুটির ফুটবলাররা এখন নিজেদের ক্যাম্পে। সোমবার মিটিংয়ে উপস্থিত থাকা ফর্টিস এফসির ম্যানেজার রাশেদুল ইসলাম খেলা শুরুর ব্যাপারে নানা যুক্তি তুলে ধরেন।
মিটিং শেষে সমকালের সঙ্গে তিনি বলেন, ‘আমরা চাই, আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসকে নিয়ে লিগ শুরু হোক। কিন্তু এখনও প্র্যাকটিস শুরু করিনি, এমন অজুহাত দেখানো দলগুলোর অনুরোধে যেন লিগ পেছানো না হয়। তাহলে ফুটবল মৌসুম শুধু পেছাতেই থাকবে।’ নিষেধাজ্ঞার কারণে মৌসুমের প্রথম প্রতিযোগিতা চ্যালেঞ্জ কাপে অংশ নেওয়া অনিশ্চিত আবাহনী ও বসুন্ধরা কিংসের। পয়েন্ট টেবিলের ওপর থেকে ক্রমান্বয়ে দল নিয়ে চ্যালেঞ্জ আয়োজনের জন্য প্রস্তাব দিয়েছেন ফর্টিস ম্যানেজার। তবে এই চ্যালেঞ্জ কাপটা হচ্ছে না বলে মিটিং শেষে জানিয়েছেন তাবিথ।
ঘরোয়া লিগ শুরু নিয়ে বড় সমস্যা হচ্ছে আবাহনী ও বসুন্ধরার নিষেধাজ্ঞায়। আগামীকালকের মধ্যে যদি দুটি ক্লাব নিষিদ্ধমুক্ত হতে না পারে, তাহলে নতুন মৌসুমে খেলতে পারবে না। এই অবস্থায় সময় কি বাড়ানো হবে নাকি দুটি ক্লাবকে বাদ দিয়ে আগামী মৌসুম শুরু করবে বাফুফে?
এমন প্রশ্নে কূটনৈতিক উত্তর দিলেন বাফুফে সভাপতি, ‘আমাদের রেজিস্ট্রেশন উইন্ডো জুনে শুরু হয়েছিল, আগামী সেপ্টেম্বরের ৩ তারিখে শেষ হবে। সেই জায়গায় কিন্তু কখনও ডেট চেঞ্জ হয়নি অ্যান্ড উইন্ডোতে কোনো চেঞ্জ আসেনি। ১৯ আগস্ট পর্যন্ত যে ডেডলাইন আছে, সেটার কোনো পরিবর্তন হয়নি। আমরা যেভাবে আমাদের ক্যালেন্ডারটা দিয়েছি, আগস্টের শেষ থেকে আমরা ফেডারেশন কাপ এবং লিগ শুরু করতে চাচ্ছি, সেটা এখন পর্যন্ত ঠিক আছে। বাকি যে ক্লাবগুলো দলবদল প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি, আমরা সেই ক্লাবগুলোকে বলেছি তা করে নিতে। আমরা এখন পর্যন্ত ১৩টি টিমকে ধরে রেখেছি, বাট ১৯ তারিখের পরে অফকোর্স আমরা ফাইনাল টিম জানতে পারব। সেই তারিখটা বদলাচ্ছে না। এবং খেলার তারিখটাও কিন্তু আমরা বদলাতে এখনও চাচ্ছি না।’
বাফুফে সভাপতির ইচ্ছা থাকলেও বাস্তবতা ভিন্ন। বসুন্ধরা কিংসের এখনও ১০টি নিষেধাজ্ঞা রয়েছে। তাই বাফুফে সভাপতির সঙ্গে ক্লাবগুলোর আলোচনা সভায় বসুন্ধরা কিংসের প্রতিনিধি কোচ সৈয়দ গোলাম জিলানী আরও সাত কর্মদিবস সময় চেয়েছেন। এ সময়ের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে তারা ক্লাব লাইসেন্সিংয়ের জন্য আবেদনের যোগ্য হবেন। এরপর ফুটবলার নিবন্ধনের সুযোগ পাবেন।
- বিষয় :
- বাংলাদেশ ফুটবল লিগ