ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

নিষেধাজ্ঞা উঠলেও স্বস্তি নেই আবাহনীতে

নিষেধাজ্ঞা উঠলেও স্বস্তি নেই আবাহনীতে
×

ছবি-সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ১২:৪৩

ঢাকা আবাহনী লিমিটেডের ওপর ফিফা কর্তৃক নিষেধাজ্ঞা ছিল তিনটি। খেলোয়াড়দের পাওনা মিটিয়ে আগেই দুটি নিষেধাজ্ঞা থেকে মুক্তি মেলে তাদের। সর্বশেষ নিষেধাজ্ঞাটা উঠেছে সোমবার রাতে। পুরোপুরি নিষেধাজ্ঞামুক্ত হওয়ায় এখন দল গোছানোর কাজে নেমেছে। কিন্তু খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে গিয়ে বেকায়দায় পড়েছে আকাশি-নীল জার্সিধারীরা। 

ভালো মানের ফুটবলাররা আগেই ক্লাব খুঁজে নেওয়ায় আবাহনীর জন্য শক্তিশালী দল গঠন করাটাই অনিশ্চিত হয়ে পড়েছে। এরই মধ্যে ক্লাবের অভ্যন্তরে এসেছে পরিবর্তন। সত্যজিৎ দাস রুপুকে সরিয়ে নতুন ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আবাহনীরই সাবেক ফুটবলার ও নারায়ণগঞ্জের চেনা মুখ শহীদ হোসেন স্বপনকে। ফের ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে এ কে এম মারুফুল হককে।

নতুন মৌসুমে দলবদলে বড় চমক দেখায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস থেকে আট ফুটবলারকে নিয়ে আসে সাদা-কালো জার্সিধারীরা। দলবদলের অনিশ্চয়তায় আবাহনীর বেশ কয়েকজন ফুটবলারও নতুন ঠিকানা খুঁজে নেন। এখন শেষ দিকে এসে খেলোয়াড় নিবন্ধন নিয়ে অস্বস্তিতে ক্লাবটি। 

নতুন দায়িত্ব পাওয়ার পর ম্যানেজার স্বপন ও কোচ মারুফুল হক দল গোছানোর দিকে মনোযোগ দিয়েছেন। তাতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে ক্লাবটির কর্মকর্তাদের। ফিফা নিষেধাজ্ঞা তুলতে অনেক টাকা খরচ হওয়ায় তারকা ফুটবলারকে নিতে পারছে না আবাহনী। সুযোগ থাকলেও বসুন্ধরার ফুটবলারকে আনতে পারছে না তারা। খেলোয়াড় পেতে কষ্ট হচ্ছে বলে সংবাদমাধ্যমকে জানান কোচ মারুফ, ‘ক্লাব থেকে আমার কাছে একটা খেলোয়াড় তালিকা চেয়েছে কাল (সোমবার) রাতে। সেটি পেয়ে এখন আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলছি। অন্য ক্লাবের যার সঙ্গে কথা বলছি, সে-ই বলছে সাইন করে ফেলেছে। খেলোয়াড় পেতে কষ্ট হচ্ছে।’ 

তালিকা অনুযায়ী আবাহনী কোচ দলে রেখেছেন ইয়াসিন খান, সবুজ, কামরুল, পাপন সিং, শাকিল, আল আমিন, মিরাজুল, ইব্রাহিম, মোরসালিন ও মিতুল মারমাকে। তবে মিতুল ও মোরসালিনকে নিয়ে অনিশ্চয়তা আছে। তারা হয়তো অন্য ক্লাবে যাওয়ার চেষ্টা করছেন।

আরও পড়ুন

×