আবাহনীতেই মিতুল-মোরসালিন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ | ১২:৫৫
ফিফা থেকে নিষেধাজ্ঞা উঠেছে সোমবার। তারপরই নতুন মৌসুমের জন্য দল গোছানোর কাজে নেমে পড়েন আবাহনীর কর্মকর্তারা। সুলেমান দিয়াবাতে, সুশান্ত ত্রিপুরা, আলমগীর মোল্লারা আবাহনী ছেড়ে নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন। তাই গত মৌসুমে খেলা বাকি ফুটবলারদের নিয়েই দল গোছাচ্ছে আকাশি-নীল জার্সিধারীরা। ক্লাব ছাড়ার নানান গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত আবাহনীতেই থাকছেন গোলরক্ষক মিতুল মারমা ও শেখ মোরসালিন।
আল আমিন-মিরাজুল ইসলামসহ গত মৌসুমের স্কোয়াডের ১৭ জনই থাকছেন নতুন মৌসুমের দলে। নতুন মৌসুমের জন্য শক্তিশালী দল গঠন করা মোহামেডান স্পোর্টিং ক্লাব ভাঙে বসুন্ধরা কিংসের ঘর। সেই ক্লাব থেকে আট ফুটবলারকে আনে তারা। আবাহনী শিবিরে অবশ্য ভাঙন সৃষ্টি করেননি তারা। চার ফুটবলার ক্লাব ছাড়ার পর আবাহনীর চ্যালেঞ্জ ছিল আগের ফুটবলারদের রেখে দেওয়া। সেই কাজটি আপাতত ভালোভাবেই করতে পারছে দলটি। ফিফা নিষেধাজ্ঞা ওঠার পর শুরুতে পরিবর্তন আনে ম্যানেজার পদে। সত্যজিৎ দাস রুপুকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় শহীদ হোসেন স্বপনকে। কোচের পদে ফিরিয়ে নিয়ে আসা হয় এ কে এম মারুফুল হককে।
নানা সীমাবদ্ধতার মধ্যে দল গোছাচ্ছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন আবাহনীর নতুন ম্যানেজার স্বপন, ‘আবাহনীর বর্তমান অবস্থা আপনারা সবাই জানেন। তবে নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা সাধ্যমতো দল সাজানোর চেষ্টা করছি। গত মৌসুমের স্কোয়াডের সিংহভাগ খেলোয়াড় নিয়েই নতুন মৌসুমের দল গোছাচ্ছি। দিয়াবাতে, আলমগীরসহ কয়েকজন আগেই চলে গেছে। তবে শেখ মোরসালিন, মিতুল মারমাসহ অধিকাংশ খেলোয়াড় রয়ে গেছে। তাদের নিয়েই পরিকল্পনা করছি আমরা। ফিফার নিষেধাজ্ঞায় মোটা অঙ্কের টাকা খরচ হচ্ছে। এ কারণে এ মুহূর্তে আমরা বিদেশি খেলোয়াড় নেওয়ার কথা সেভাবে ভাবতে পারছি না। তবে সাধ্যের মধ্যে আমরা ভালো মানের দল গড়ার চেষ্টা করছি।’
গত মৌসুমে আবাহনীর আক্রমণভাগের মূল ভরসা ছিলেন দিয়াবাতে। মালির এই ফরোয়ার্ড ফিরে গেছেন তাঁর সাবেক ঠিকানা মোহামেডানে। স্থানীয়দের মধ্যে মোহাম্মদ ইব্রাহিমকে নিয়ে একটু ধোঁয়াশা রয়ে গেছে। বসুন্ধরা কিংস থেকে তাঁর কাছে প্রস্তাব এসেছে। স্থানীয় ফুটবলার নিবন্ধন করলেও আর্থিক সমস্যা এবং সময়ের অভাবে বিদেশি আনার সম্ভাবনা একেবারেই ক্ষীণ আবাহনীর জন্য। কয়েক মৌসুম ধরে বাজে সময় পার করছে আবাহনী। ২০২১-২২ মৌসুমে ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ জয়ের পর আর কোনো সাফল্য পায়নি আবাহনী। ছয় লিগ শিরোপার সবশেষটি আকাশি-নীল জার্সিধারীরা জিতেছিল ২০১৭-১৮ মৌসুমে।
- বিষয় :
- আবাহনী
- বাংলাদেশ ফুটবল লিগ